• ফোনে মগ্ন তরুণী, সামনে চলে এল শিশু, দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু ৮ বছরের রমীন্দ্রের
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন তরুণী। সামনে যে একটি শিশু চলে এসেছে বুঝতেও পারেননি বলে অভিযোগ। দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হলো রমীন্দ্র গুপ্ত (৮) নামে এক শিশুর। রবিবার মুম্বইয়ের জিজামাতা গার্ডেনের কাছে এই দুর্ঘটনার পরেই মেঘনা রাওয়াল নামে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে বান্দ্রা থানার পুলিশ।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, মেঘনা পেশায় জিম ট্রেনার। জিজামাতা গার্ডেনের কাছে দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে রাস্তা পার করতে গিয়ে তাঁর গাড়ির সামনে চলে আসে রমীন্দ্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, রমীন্দ্রকে দেখতেই পাননি মেঘনা। সেই সময়ে নিজের ফোনেই মগ্ন ছিলেন। অভিযোগ, তিনি সজোরে ধাক্কা মেরে দেন রমীন্দ্র।

    ধাক্কা মারার পরেও মেঘনা গাড়ি থামাননি বলে অভিযোগ। শিশুটিকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা নিয়ে যান। চোখের সামনে এমন ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই গাড়ি থামিয়ে শিশুটিকে নীচ থেকে বের করেন। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    ঘটনার তদন্তে নেমে মেঘনাকে গ্রেপ্তার করেছে বান্দ্রা থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ২৮১ এবং ১২৫ নম্বর ধারা এবং মোটর ভেহিক্যালস অ্যাক্টের ১৮৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল, গাড়ির গতি কত ছিল, চালকের ভূমিকা—সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

    গত কয়েক দিনে মুম্বইয়ে একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। এর আগে নালাসোপারায় ১৬ বছরের এক কিশোরের গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। গুরুতর জখম হয়েছিলেন এক জন। ঘটনার পরেই ওই কিশোরকে হেফাজতে নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় গাড়ির মালিককেও।

    ১. কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?

    মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে জিজামাতা গার্ডেনের কাছে রবিবার এই দুর্ঘটনা ঘটে।

    ২. মৃত শিশুটির নাম কী?

    মৃত শিশুটির নাম রমীন্দ্র গুপ্ত (৮)।

    ৩. অভিযুক্ত চালক কে?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মেঘনা রাওয়াল। তিনি পেশায় জিম ট্রেনার।

    ৪. দুর্ঘটনাটি কী ভাবে ঘটেছে?

    অভিযোগ, রাস্তা পার হওয়ার সময় শিশুটি দ্রুতগতির গাড়ির সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় চালক ফোনে মগ্ন ছিলেন।

    ৫. অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে?

    মেঘনাকে গ্রেপ্তার করেছে বান্দ্রা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে BNS-এর একাধিক ধারা এবং মোটর ভেহিক্যালস অ্যাক্টের ১৮৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে।

  • Link to this news (এই সময়)