• ‘তা হলে নিজেই খান’, FDA আধিকারিককের মুখে গুঁজে দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কী অভিযোগ জানেন?
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ। তার তদন্তে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) এক আধিকারিক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ক্ষুব্ধ জনতা তাঁকে দোকান থেকে বাজেয়াপ্ত করা মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেন। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

    ঘটনাটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর এলাকার বলে জানা গিয়েছে। স্থানীয় একটি পান দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি হচ্ছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের সূত্রপাত একটি দুই বছরের শিশুকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দোকান থেকে কেনা একটি মুখরোচক মিশ্র খাবার খাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার মাথা ঘোরা শুরু হয় এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    এর পর শিশুটির পরিবার এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা FDA দফতরে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরে এক FDA আধিকারিক ওই দোকানে পরিদর্শনে যান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, শিশুটি যে খাবারটি খেয়ে অসুস্থ হয়েছিল, পরিদর্শনকারী আধিকারিক পৌঁছনোর আগেই সেটি দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছিল।

    তবে দোকানে তল্লাশি চালিয়ে বেশ কয়েক প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়া যায় বলে জানা গিয়েছে। FDA আধিকারিক সেগুলি বাজেয়াপ্ত করেন। স্থানীয়দের অভিযোগ, এত কিছু পাওয়ার পরেও দোকানদারের বিরুদ্ধে যথেষ্ট কড়া পদক্ষেপ করা হয়নি। সেখান থেকেই ক্ষোভ আরও বাড়ে।

    এর পরেই ওই FDA আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নিয়ে দোকানদারকে আড়াল করার অভিযোগ তোলেন স্থানীয়রা। যদিও এই ঘুষ নেওয়ার অভিযোগ এখনও স্বাধীন ভাবে প্রমাণিত হয়নি। ক্ষুব্ধ জনতা আধিকারিককে ঘিরে ধরে প্রশ্ন করতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন তাঁকে বাজেয়াপ্ত করা বিস্কুট খেতে বলেন।

    ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন বলতে থাকেন—বিস্কুটগুলি যদি খাওয়ার উপযুক্তই হয়, তা হলে আধিকারিক নিজেই সেগুলি খান। এর পরে জনতার কয়েকজন তাঁর মুখে জোর করে বিস্কুট ঢোকানোর চেষ্টা করেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয় এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

    FDA আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা আইনি পদক্ষেপের প্রস্তুতি

    ঘটনাকে কেন্দ্র করে FDA-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে একই সঙ্গে সরকারি আধিকারিককে ঘেরাও করে জোর করে খাবার খাওয়ানোর ঘটনাও আইনি প্রশ্ন তুলেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ওই আধিকারিককে ঘেরাও এবং তাঁর উপর হামলার চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে FDA।

    বর্তমানে মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা নিয়ে তৎপর FDA। রাজ্যজুড়ে ভেজাল খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। গত কয়েক সপ্তাহে বহু দোকান, রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

  • Link to this news (এই সময়)