ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। সেই ঘটনায় শনিবার অভিষেককে নোটিস ধরাল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এ দিন রাতে কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দেয় পুলিশ।
রাত ৯টা ১০ মিনিট নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে পৌঁছে যান তদন্তকারী অফিসার। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় তিনটি এফআইআর হয়েছে। দু’টি মামলায় অভিষেকের নাম রয়েছে। সেই ঘটনায় আগামী সোমবার বেলা ১২টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে অভিষেককে।
বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। ওই অফিসের বিলবোর্ড নিয়ে পুরসভায় অভিযোগ রয়েছে বলে জানানো হয়। পুরসভার আধিকারিকদের সঙ্গে ছিল শেক্সপিয়র থানার পুলিশ বাহিনী। অফিসের নীচেই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেন। পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে অভিষেকদের বিরুদ্ধে। সেই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।