• সংবাদপত্রে নিয়মিত চোখ রাখুক পড়ুয়ারা, কর্মশালায় অঙ্গীকার
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • এই সময়, বর্ধমান: অভ্যাস তৈরি হোক ছোট থেকেই। দেশ-দুনিয়ার প্রতিদিনের খবরের জন্য চোখ থাকুক সংবাদপত্রের পাতায়। এই ভাবনা থেকে পড়ুয়াদের সাম্প্রতিক ঘটনা, সাধারণ জ্ঞান ও দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে তুলতে শুক্রবার বর্ধমান আদর্শ বিদ্যালয়ে বিশেষ কর্মশালা ও আলোচনাসভার আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন।

    অনুষ্ঠানে সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহ ও নিয়মিত পড়াশোনার অংশ হিসেবে সংবাদপত্রকে যুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে।

    এ দিনের আলোচনায় পার্থপ্রতিম মিত্র বলেন, 'পাঠ্যবইয়ের পাশাপাশি প্রতিদিন সংবাদপত্র পড়লে দেশের রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, পরিবেশ, খেলাধূলা, সমাজ ও সম্পর্কে আন্তর্জাতিক ঘটনাবলি বাস্তব জ্ঞান বাড়ে। নিজের মতামত তৈরি করার ক্ষমতাও বিকশিত হয়।' আলোচনাসভার পরে বিভিন্ন বাংলা দৈনিক সংবাদপত্র পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয়, যাতে তারা নিয়মিত সংবাদপত্র পড়ার সুযোগ পায় এবং সংবাদ পড়াকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে পারে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীরকুমার দে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, 'বর্তমান সময়ে তথ্যের পরিমাণ দ্রুত বাড়ছে। সংবাদপত্র থেকে নির্ভরযোগ্য সংবাদ জানার অভ্যাস তৈরি হওয়া ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি আরও বলেন, 'সংবাদপত্র শুধু খবর জানার মাধ্যম নয়। ভাষাজ্ঞান, সাধারণ জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও।' ছাত্রছাত্রীর হাতে শুক্রবারের 'এই সময়' সংবাদপত্র তুলে দেন প্রধান শিক্ষক।

  • Link to this news (এই সময়)