• রহস্যময় ‘রুদ্র’-র হাত ধরে নতুন গোয়েন্দা কাহিনি
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • এক রহস্যময় মৃত্যু। তার সূত্র ধরে সামনে আসে বহু বছর আগে ঘটে যাওয়া এক অপরাধ। অতীতের চাপা পড়ে থাকা সেই ঘটনা ধীরে ধীরে জড়িয়ে পড়ে বর্তমানের সঙ্গে। এমনই এক রহস্যঘেরা গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ় ‘রুদ্র’।

    পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। মুখ্য চরিত্রে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায় ও তন্বী লাহা রায়কে। গল্পে মৈনাককে দেখা যাবে রুদ্র সেনের চরিত্রে। এক সময়ে মেধাবী এই প্রাইভেট ইনভেস্টিগেটর ব্যক্তিগত ট্র্যাজেডির পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে। তবে একটি অদ্ভুত কেস তার জীবনে নতুন মোড় এনে দেয়। প্রথমে সহজ মনে হলেও তদন্ত যত এগোয়, ততই সামনে আসতে থাকে একের পর এক অস্বস্তিকর তথ্য। তন্বী লাহা রায় অভিনয় করছেন পারমিতার চরিত্রে।

    বাবার মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারে না সে। সত্যের খোঁজে রুদ্রের দ্বারস্থ হয় পরমিতা। এরপর দু’জনের তদন্তেই খুলতে থাকে অতীতের নানা রহস্যের দরজা। গল্পের কেন্দ্রে শহরজুড়ে ঘটে চলা একাধিক আত্মহত্যা, যার সঙ্গে রহস্যজনক ভাবে জড়িয়ে রয়েছে ‘ভগবদ্গীতা’র সূত্র।

    পরিচালক অরিন্দম চক্রবর্তীর কথায়, চেনা পথে না হেঁটে এই সিরিজ়ে রহস্যকে অন্য ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গবেষণার পাশাপাশি চরিত্রগুলির লুকেও রাখা হয়েছে বিশেষ চমক। নিজের চরিত্র নিয়ে মৈনাক জানান, রুদ্র এমন একটি চরিত্র, যা তিনি আগে কখনও করেননি। পরিচালকের কাছ থেকে গল্প ও চরিত্রের বর্ণনা শুনেই কাজটিতে রাজি হয়ে যান তিনি। রুদ্রের লুক নিয়েও প্রথমে কিছুটা সংশয় থাকলেও ফটোশুটের পর তা তাঁর বেশ পছন্দ হয়। সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরদীপ রায়, অর্ণা ধর ও প্রিয়া মণ্ডল। রহস্য, অপরাধ, প্রতিশোধ ও ন্যায়বিচারের টানাপড়েন মিলিয়ে ‘রুদ্র’ শেষ পর্যন্ত দর্শকদের কতটা রহস্যের ভিতরে টেনে রাখতে পারে, এখন সেটাই দেখার।
  • Link to this news (এই সময়)