এই সময়: ঘোষণা হয়েছিল বাজেটেই। সেই মতো সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক দু’হাজার টাকা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সাম্মানিক কার্যকর হচ্ছে ১ অগস্ট।
ফলে সেপ্টেম্বর থেকেই সিভিক ভলান্টিয়াররা মাসে ১০ হাজারের বদলে ১২ হাজার টাকা সাম্মানিক পাবেন। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত ভাবে তা জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।
ভবিষ্যতে সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আগে ঝাড়াই বাছাই হবে। শুভেন্দু বলেছিলেন, ‘অনেকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (মাধ্যমিক পাশ) নেই। কারও কাজ না গেলেও তাঁরা যোগ্যতা অনুযায়ী সাম্মানিক পাবেন।’
বাংলায় ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের পারিশ্রামিক মাসে দু’হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দু’হাজার টাকা করে পারিশ্রমিক বাড়ছে এনভিএফ কর্মী, প্রাণিবন্ধু, প্রাণিমিত্রদেরও।