এই সময়, হাওড়া: ফের দুর্ঘটনা ঘুসুড়ির গিরিশ ঘোষ রোডে। রাস্তার বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি টোটো। টোটোয় থাকা এক স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুসুড়ির গিরিশ ঘোষ রোডের একটি বেসরকারি স্কুলের সামনে দিয়ে এক অভিভাবক তাঁর শিশুকে নিয়ে টোটোয় করে যাচ্ছিলেন। সেই সময়ে আচমকাই রাস্তার খারাপ অংশে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় শিশুটি গুরুতর জখম হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গিরিশ ঘোষ রোডের বিভিন্ন অংশের অবস্থা অত্যন্ত খারাপ।
কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও রাস্তা এতটাই অসমান যে, ছোট যান চালানো কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি দিন স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, বয়স্ক ব্যক্তি এবং কর্মজীবী মানুষকে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়।
ঘটনার সময়ে এলাকায় সিভিক ভলান্টিয়ার উপস্থিত থাকলেও, রাস্তার বেহাল পরিস্থিতির কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি বলে অভিযোগ। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, বার বার অভিযোগ জানানোর পরেও রাস্তা সংস্কারে স্থায়ী পদক্ষেপ করা হচ্ছে না কেন?
অভিভাবকদের বক্তব্য, স্কুলের সামনে এমন বিপজ্জনক রাস্তা থাকলে, খুদে পড়ুয়াদের নিয়ে যাতায়াত করা অত্যন্ত আতঙ্কের। তাঁদের আশঙ্কা, শুধু টোটো নয়, যে কোনও সময়ে বড় গাড়ি বা মোটরবাইকও দুর্ঘটনার কবলে পড়তে পারে। ফলে, বড়সড় বিপর্যয় ঘটার আগেই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।