• আমেরিকায় খুন হায়দরাবাদের তরুণী, আগ্রা থেকে গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • আমেরিকায় খুন করা হয়েছিল হায়দরাবাদের এক তরুণীকে। কলম্বিয়ায় মেরিল্যান্ডের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। আমেরিকায় কর্মরত ওই তরুণীকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আগ্রা থেকে। ধৃতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলাও আছে।

    পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম নিকিতা গোদিশালা (Nikitha Godishala)। হায়দরাবাদের এই ২৭ বছরের তরুণী আমেরিকার একটি সংস্থায় ডেটা অ্যান্ড স্ট্রাটেজি অ্যানালিস্ট (Data and Strategy Analyst) হিসেবে কর্মরত ছিলেন। নিকিতাকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর প্রাক্তন প্রেমিক তথা রুমমেট অর্জুন শর্মা বিরুদ্ধে। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার অর্জুন খুনের পরেই ভারতে পালিয়ে আসেন বলে অভিযোগ। কিন্তু শেষ রক্ষা হলো না। লালাগুড়া থানার পুলিশ অর্জুনকে গ্রেপ্তার করে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গত চার বছর ধরে আমেরিকায় কর্মরত ছিলেন নিকিতা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ। এরই পাশাপাশি অর্জুনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন নিকিতার বাবা আনন্দ গোদিশালা। ওই প্রতারণার মামলার তদন্তের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় অর্জুনকে।

    পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আগ্রার একটি ফ্ল্যাটে খুঁজে পাওয়া অর্জুনকে। প্রতারণার মামলায় তাঁকে একটি নোটিস দেওয়া হয়। যেহেতু আমেরিকায় তাঁর বিরুদ্ধে আগেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল এবং জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাই কেন্দ্রীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁকে নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করে। আপাতত পুলিশ হেফাজতে আছেন অর্জুন।

    জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিক থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নিকিতাকে। আমেরিকায় এলিকট সিটিতে থাকতেন নিকিতা। গত ২ জানুয়ারি তিনি নিখোঁজ বলে অভিযোগ জানানো হয়। এর পরেই তদন্ত চালিয়ে মেরিল্যান্ডে, তাঁর প্রাক্তন রুমমেট অর্জুন শর্মার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ বলে জানিয়েছিল হাওয়ার্ড কাউন্টি পুলিশ।নিকিতাকে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগে অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় মাত্রার হত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল মার্কিন পুলিশ।

    এ দিকে, হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে অর্জুনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল । তাতেও অভিযোগ করা হয়, নিকিতার কাছ থেকে টাকা নিয়ে তা ফেরত দেননি অর্জুন। এর পরেই এই তদন্তে কিছু সূত্র পাওয়ার পরেই আগ্রায় পুলিশের একটি দলকে পাঠানো হয়।

    নিকিতার বাবার দাবি, গত বছরের সেপ্টেম্বর মাসে চাকরি হারিয়েছিলেন অর্জুন। এর পরেই নিকিতা ও তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ ধার করেন। নিকিতার মৃত্যুর আগে তাঁর পাওনা অর্থ নিয়ে আর্থিক বিরোধ ছিল, আমেরিকায় অন্যদের সঙ্গেও আর্থিক লেনদেন ছিল অর্জুনের। এই আর্থিক বিবাদের জেরেই নিকিতাকে খুন করা হয় বলেও অভিযোগ তাঁর।

  • Link to this news (এই সময়)