• কচুরিপানায় লুকিয়ে ‘কামচোর’ শ্রমিক! খোঁজ পেতে নাকাল, পরে উদ্ধার যুবক
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • এই সময়, কোচবিহার: সকালে বিলের কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিল শ্রমিকদের একটি দল। তার মধ্যেই নিখোঁজ হয়ে যান একজন। বিলেই কোনও ভাবে তলিয়ে গিয়েছে ওই যুবক, এই আশঙ্কায় হলুস্থুল কাণ্ড হলো দিনভর। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। জলে 'ডুবে' যাওয়া শ্রমিকের হদিশ পেতে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। দিনের শেষে অবশ্য ওই যুবককে অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়।

    জানা গিয়েছে, কাজে ফাঁকি দিতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এমনকী, এই মওকায় বেশ কিছুক্ষণ দিবানিদ্রাও সেরে নেন পানে বর্মন নামে ওই যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁকে মারতে উদ্যত হন তাঁর সহকর্মী ও এলাকাবাসী। পুলিশ যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    কোচবিহারের সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন একটি সরকারি বিল মাছ চাষের জন্য লিজ নিয়েছিলেন পাগল সরকার নামে এক ব্যক্তি। বেশ ভালো পরিমাণ মাছ হয় সেখানে। সেই মাছ তোলার আগে বৃহস্পতিবার বিলের কচুরিপানা সাফ করতে দশজন শ্রমিককে নামান লিজ হোল্ডার। সকাল ১০টা নাগাদ কাজ শুরু হয়। সাড়ে দশটাতেই নিখোঁজ হয়ে যান পানে।

    এরপরেই কচুরিপানা তোলা বন্ধ করে খোঁজাখুঁজি শুরু হয়। খবর যায় সাহেবগঞ্জ থানায়। সেখান থেকে পুলিশ আসে। এরপর সিভিল ডিফেন্স কর্মীদের বিলে নামানো হয়। এর মধ্যে বিকাল পাঁচটা নাগাদ সন্ধান পাওয়া যায় যুবকের। জানা যায়, কচপরিপানার মধ্যেই নিজেকে লুকিয়ে রেখে ছিলেন তিনি। পরে সবার চোখকে ফাঁকি দিয়ে স্থানীয় একটি বিসর্জন ঘাটে আশ্রয় নেন। সেখান থেকে পালানোর সময় স্থানীয় এক বৃদ্ধা দেখে ফেলে চিৎকার জুড়ে দেন। আর পালানো সম্ভব হয়নি পানের। নিজের 'কীর্তি'র কথা উগড়ে দেন তিনি। শাস্তি হিসেবে খানকতক ঘা সহ্য করতে হয় তাঁকে। পরে পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়।

    ঘটনা প্রসঙ্গে লিজ় হোল্ডার পাগলা বলেন, 'সারাদিন চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেল। মাছ তোলার আগে একজনকে কচুরিপানা পরিষ্কার করতে বরাত দিয়েছিলাম। তিনি ১০ জনকে কাজে নামান। তারই মধ্যে এক যুবক কাজে ফাঁকি দিতে কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকে। ডুবে গিয়েছে ভেবে দিনভর বিলে তল্লাশি চালানো হয়।' পানে মদ্যপ অবস্থায় ছিলেন বলে তাঁর অভিযোগ। সাবেহগঞ্জ থানা জানিয়েছে, এলাকায় উত্তেজনা থাকায় যুবককে উদ্ধার করে নিয়ে এসে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)