• পুলিশকে ডোবারম্যান লেলিয়ে ‘সাট্টা বুকি’র বাড়ির ছাদ থেকে ওড়ানো হলো টাকা, উত্তরপাড়ায় হুলস্থুল
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬
  • রাতে আচমকাই বাড়িতে ‘রেড’ করেছিল পুলিশ। কয়েক মিনিট আগেও সেই তল্লাশি অভিযানের আভাস পেলে হয়তো টাকাপয়সা লুকোনোর চেষ্টা করা যেত। কিন্তু সেই সময়টুকুও মেলেনি। তার আগেই দরজা কড়া নাড়ে পুলিশ। এই পরিস্থিতিতে কী করা উচিত বুঝতে না পেরে বাড়ির পোষ্য ডোবারম্যানকে লেলিয়ে দেওয়া হয়েছিল পুলিশকর্মীদের। কিন্তু তার পরেও টাকা লুকোনোর জায়গা ও সময় মেলেনি। তাই বাধ্য হয়েই বাড়ির ছাদ থেকে ছুড়ে ফেলা হয় লক্ষ লক্ষ টাকা আর সোনাগয়না।

    উত্তরপাড়ার তিন নম্বর কাঁসারি পুকুর রোডে সঞ্জয় মজুমদারের বাড়িতে পুলিশি অভিযানের সময়ে হুলস্থুল কাণ্ড বুধবার রাতে। পুলিশের অভিযোগ, সঞ্জয় এলাকার 'সাট্টা ডন বাপি' বলে পরিচিত। তার বিরুদ্ধে সাট্টার ঠেক চালানোর একাধিক অভিযোগ রয়েছে। চন্দননগর পুলিশের গোয়েন্দা শাখা বুধবার রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সঞ্জয়ের তল্লাশি অভিযান চালিয়ে সাড়ে ১২ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা উদ্ধার করেছে। গ্রেপ্তারও করা হয়েছে বাড়ির দুই সদস্যকে। কিন্তু সঞ্জয়ের হদিশ এখনও মেলেনি।

    চন্দননগর পুলিশের এক আধিকারিক জানান, বেআইনি সাট্টা কারবার চালানোর অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযুক্তের বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে কোন্নগর থেকে কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামলের ভাই এবং তাঁর এক সঙ্গীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমি কারবারের অভিযোগ রয়েছে।

  • Link to this news (এই সময়)