মডেলিংয়ের কাজের টোপে প্রতারণার অভিযোগ, তদন্তে পুলিশ
বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মডেলিংয়ে নামার সুযোগ করে দেওয়া হবে, এই টোপে পা দিয়ে প্রতারণার শিকার হলেন এক তরুণী। চুক্তির নাম করে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরেও সুযোগ না মেলায় প্রতারিত হয়েছেন বুঝে তিনি অভিযোগ জানান থানায়। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্ক এলাকার বাসিন্দা ওই তরুণী মডেলিংয়ে নামার চেষ্টা করছিলেন। এ কারণে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কোনো কোম্পানি মডেলিংয়ের জন্য নতুন মুখ খুঁজছে কি না, সেব্যাপারে তিনি অনলাইনে খোঁজখবরও করছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর। সেখানে দেখেন, কলকাতার একটি নামী মডেলিং কোম্পানি নতুনদের কাজের সুযোগ দিচ্ছে। সেখানে থাকা ফোন নম্বরে কল করলে তাঁকে বলা হয়, কলকাতা সহ বিভিন্ন রাজ্যে নতুনদের কাজের সুযোগ দিচ্ছে তারা। কাস্টিং কো-অর্ডিনেটর হিসাবে পরিচয় দেওয়া এক যুবক তাঁকে বায়োডেটা পাঠাতে বলে। সেইমতো তিনি তা পাঠিয়ে দেন। তা দেখার পর অভিযুক্তরা তরুণীকে জানায়, তিনি মনোনীত হয়েছেন। এরপর তাঁকে নির্দিষ্ট মাপের ছবি পাঠাতে বলে। ওই মাপের ছবি তাঁর কাছে না থাকার কথা জানালে তারা দু’হাজার টাকা নেয়। এরপর তাঁর সঙ্গে চুক্তি করা হয়। ওই চুক্তিতে উল্লেখ ছিল, একটি মডেলিংয়ের ক্ষেত্রে দিনে ৭৫ হাজার টাকা, আরেকটি প্রোডাক্টের মডেলিংয়ের জন্য দিনে ৪০ হাজার টাকা মিলবে। এরপর কস্টিউম ও ড্রেস সহ বিভিন্ন অজুহাতে তাঁর থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তারপরেও তিনি কাজের সুযোগ পাননি। এরপরই তরুণী অভিযোগ জানান আদালতে। বিচারকের নির্দেশে সার্ভে পার্ক থানা প্রতারণার মামলা রুজু করে।