• পার্টি অফিস দখল! দলিল দেখিয়ে বিজেপির বিরুদ্ধে সরব সিপিএমের সপ্তর্ষি
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পালাবদলের পর দখলমুক্ত করেছিল সিপিএম। কিন্তু, নারায়ণপুরের জগারডাঙা এলাকায় সিপিএমের পার্টি অফিস ফের দখলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এ নিয়ে বুধবার নিউটাউনে সাংবাদিক সম্মেলন করে রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সপ্তর্ষি দেব। পার্টি অফিসের দলিল দেখিয়ে তিনি বিধায়ককে চ্যালেঞ্জ জানান, ক্ষমতা থাকলে আপনি দলিল দেখান! অফিস ফেরত না পেলে আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দিয়েছেন সপ্তর্ষিবাবু।

    প্রসঙ্গত, সিপিএমের ওই অফিস দখলকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছিল। ৩ জন বিজেপি কর্মীকে আটক করা হয়েছিল। ওই ইস্যুতে রবিবার রাতে বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া নারায়ণপুর থানায় গিয়ে সরাসরি পুলিশকে হুমকি দেন এবং শাসান। তা নিয়েই এদিন সাংবাদিক সম্মেলন করেন সিপিএম নেতা সপ্তর্ষি। তিনি বলেন, একটি ভিডিয়োতে দেখলাম, তিনি পুলিশকে বলছেন, ক্রিমিন্যালরা ঘুরে বেড়াচ্ছেন। বিজেপির সরকার। বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির পুলিশমন্ত্রী। উনিও বিজেপি বিধায়ক। নিজের সরকারের উপরেই ওঁর আস্থা নেই? 

    সপ্তর্ষিবাবু বলেন, পীযূষ কানোরিয়া বলেছেন, জগারডাঙার অফিস নাকি বিজেপির! আসলে ওই অফিসটি আমাদের ছিল। ২০১৫ সালে তৃণমূল দখল করে। গত মে মাসে আমরা পুনর্দখল করি। আবার বিধায়কের নেতৃত্বে বিজেপি দখল করে নিয়েছে। আমরা দলিল দেখাচ্ছি। ক্ষমতা থাকলে বিধায়ক মশাই দলিল দেখান। সপ্তর্ষিবাবু আরও বলেন, শুধু আমাদের অফিস নয়। নিউটাউনে হিডকোর জমিতে তৃণমূলের তিনটি বেআইনি পার্টি অফিস ছিল। আদালত সেগুলি ভাঙার নির্দেশ দিয়েছে। বিজেপি সেগুলিও দখল করে নিয়েছে। তৃণমূল ১৫ বছরে যা করেছে, ৫ বছরে তার বেশি দুর্নীতি করার চেষ্টা করছে বিজেপি।
  • Link to this news (বর্তমান)