• গড়ফার হোটেলে নাবালিকাকে যৌন হেনস্তায় গ্রেপ্তার চারজন
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়ফা এলাকায় একটি হোটেলে নাবালিকাকে জোর করে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ও দেহব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে।  কালিকাপুরের ওই হোটেলে নাবালিকাদের নিয়ে দেহব্যবসা চালানো হচ্ছে– এই খবরের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে হোটেলের ম্যানেজার সহ চারজনকে গ্রেপ্তার করেছে লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অফিসাররা।

    লালবাজারের কাছে খবর ছিল যে, গড়ফা এলাকার একটি হোটেলে নাবালিকাদের নিয়ে এসে দেহব্যবসা চালানো হচ্ছে। সেখান থেকে পাচার হয়ে যাচ্ছে অনেক কিশোরী। তার ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই হোটেলে আচমকা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। সেখান থেকে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। নাবালিকা তদন্তকারীদের জানায় যে, আর্থিক প্রলোভন দেখিয়ে তাঁকে এখানে নিয়ে আসা হয়েছিল। তাঁকে যৌন হেনস্তা করা হয়েছে বলেও দাবি করে সে। তার ভিত্তিতে পুলিশ পকসো অ্যাক্টে কেস রুজু করে হোটেল ম্যানেজার সহ চারজনকে গ্রেপ্তার করে।  

    তদন্তে জানা গিয়েছে, ওই হোটেলের সঙ্গে স্থানীয় একটি পানশালার যোগ রয়েছে। সেখান থেকে নাবালিকা ও তরুণীদের আনা হতো এই হোটেলে।  বিভিন্ন সময়ে নাবালিকারা এখানে 

    যৌন হেনস্তার শিকার হয়েছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ ভয় দেখানোয় কেউ মুখ খুলতে পারেনি। বুধবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের আইনজীবী শুভাশিস দাস বলেন. তাঁর মক্কেলদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার কোনও প্রমাণ নেই। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ওই নাবালিকাকে তুলে আনা হয়েছিল। পুরো কাজটাই করেছে হোটেলের লোকজন। সওয়াল শেষে অভিযুক্তদের পুলিশি হেপাজতে পাঠানো হয়।
  • Link to this news (বর্তমান)