সংবাদদাতা, বহরমপুর: লুপ্তপ্রায় ঝুলন উৎসবকে বাঁচিয়ে তুলতে ক্ষুদ্রতম ঝুলন যাত্রার আয়োজন করেছে বহরমপুরের সৈদাবাদ নবরূপ সঙ্ঘ। সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি জায়গার মধ্যে তৈরি হয়েছে নগর ও গ্রামের জীবনযাত্রা। অট্টালিকা, কুঁড়ে ঘর, গোরুর গাড়ি, জাতীয় পতাকা, রবীন্দ্র মূর্তি এমনকি কাঞ্চনজঙ্ঘা পর্বতও রয়েছে। শুধুমাত্র মাটি আর রং ব্যবহার করে তৈরি হয়েছে ঝুলন। একটি বৃত্তে বনবন করে খেলনা গাড়ি ঘুরছে। যা শিশুদের আনন্দদায়ক বলেই দাবি উদ্যোক্তাদের। তাঁদের আরও দাবি, এটাই বিশ্বের ক্ষুদ্রতম ঝুলন উৎসব। নবরূপ সঙ্ঘের অভিনব ঝুলন যাত্রা দেখতে প্রতিদিন দর্শনার্থী উপচে পড়ছে। ২৮ আগস্ট পর্যন্ত ঝুলন চলবে। ভিড় সামাল দিতে রয়েছে পুলিশ প্রশাসন। এছাড়া গির্জাপাড়ার তরুণ সাথী ক্লাবের ঝুলন যাত্রা এবার ৪৫ বর্ষে পা রাখল। তরুণ সাথীর ঝুলন যাত্রা উপলক্ষ্যে গির্জাপাড়ায় মেলা বসেছে। সেখানেও প্রতিদিন অগণিত মানুষের ভিড় জমছে। যা চলবে ২৯ আগষ্ট পর্যন্ত থাকবে।
ঝুলন যাত্রাকে অবলুপ্তির মুখ থেকে ফেরাতে বড়ঞা ব্লকের সাঠিতড়া, পাঁচথুপীর কয়েকটি ক্লাব মানব ঝুলনের প্রচলন করে বেশ কয়েক বছর দর্শক টেনেছিল। এখন বড়ঞা ব্লকের টগড়ার মাঠে মানব ঝুলনের অস্তিত্ব রয়েছে। এখানে বিভিন্ন বয়সি ছেলেমেয়েদের দেবদেবী, বৃক্ষ সহ বিভিন্ন পৌরাণিক থিমের আদলে সাজিয়ে দাঁড় করিয়ে দর্শকদের মনোরঞ্জন করা হয়। প্রদর্শনীর সময় সকলেই স্ট্যাচুর মতো স্থির থাকে। তারজন্য দীর্ঘ অনুশীলনেরও প্রয়োজন হয়। এসব করেও ঝুলন যাত্রা ধীরে ধীরে খাদের কিনারে এসে ঠেকেছে। বহরমপুর শহরের সৈদাবাদ নবরূপ সঙ্ঘ এবার ঝুলন যাত্রায় বৈচিত্র এনে লুপ্তপ্রায় শিল্পকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করেছেন। ক্লাব কর্তাদের দাবি, তাঁদের প্রয়াস সার্থক হয়েছে। মানুষের ভিড় আর উৎসাহ তার প্রমাণ। ক্লাবের সদস্য সোমনাথ চট্টোপাধ্যায়ের শিল্প ভাবনায় ঝুলনের একটি ব্লকে ‹খুকু গেল জল ভরতে পদ্মদিঘির ঘাটে› কবিতার একটি অংশ জীবন্ত করে তোলা হয়েছে। সোমনাথবাবু বলেন, বর্তমানের শিশু কিশোরদের অনেকেই ঝুলনের খবর রাখে না। মোবাইল হাতেই তাদের শৈশব কাটে। আমরা চেয়েছি ঝুলন যাত্রাকে অবলুপ্তির পথ থেকে আবার সামাজিক জীবিনে ফিরিয়ে আনতে। তরুণ সাথীর সদস্য মন্টু সরকার বলেন, ৪৫ বছর ধরে আমরা ঝুলন যাত্রার আয়োজন করে আসছি। মানুষের সাড়াও পাই। এবার ঝুলনে রাধাকৃষ্ণকে সামনে রেখে জন্মাষ্টমী পালন করা হবে। বহরমপুরের সৈদাবাদ নবরূপ সঙ্ঘের বিশ্বের ক্ষুদ্রতম ঝুলন যাত্রা-নিজস্ব চিত্র