• কলকাতা-হাওড়ার ভোটে দলের প্রস্তুতি, নজরদারিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকার গঠনের পর রাজ্যে প্রথম ভোট। কলকাতা এবং হাওড়ার পুর নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাই সরাসরি আসরে নামছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, প্রত্যক্ষভাবে দলের প্রস্তুতির উপর নজর রাখবে কেন্দ্রীয় বিজেপি। রাজ্যের ভারপ্রাপ্ত দলের অন্যতম শীর্ষ কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পান্ডেরা নিয়মিতভাবে দিল্লিতে রিপোর্ট পাঠাবেন। পাশাপাশি বিজেপির রাজ্য কমিটিকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের সুপারিশে পুরভোটে দল যেন একজনকেও প্রার্থী না করে। ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের পুরভোটের প্রার্থী বাছাইয়ের ব্যাপারে কোনো মতামত কিংবা সুপারিশ গ্রাহ্যই হবে না। বিজেপির অন্দরের খবর, কলকাতা এবং হাওড়ার পুরভোট নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত উৎসাহী। যেহেতু রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটিই প্রথম ভোট, তাই কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে, এই দুই পুরভোটের ফলাফল আদতে বুঝিয়ে দেবে, রাজ্যের নতুন শাসক দলের উপর সাধারণ মানুষ কতটা ভরসা রাখতে পারছে। পুর নির্বাচনের দায়িত্ব বণ্টন সংক্রান্ত রাজ্য বিজেপির যে বৈঠক সম্প্রতি সল্টলেকে হয়েছে, সেখানে প্রধানত দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই উপস্থিত ছিলেন সুনীল বনসল, মঙ্গল পান্ডেরা। ইতিমধ্যেই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি পর্বের রিপোর্ট তাঁরা দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, বেনজিরভাবেই শুধুমাত্র পুরভোটের প্রচারে কলকাতা এবং হাওড়ায় কেন্দ্রীয় স্তরের দু’জন নেতাকে পাঠানো হতে পারে। রাজ্য সরকারের ১০০ দিনের কাজকর্ম এবং তার সাফল্যের খতিয়ান নির্বাচনি প্রচারে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির।
  • Link to this news (বর্তমান)