• ধনীদের প্রতি পক্ষপাতিত্ব? রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতিকে সরাতে চিঠি
    এই সময় | ২৭ আগস্ট ২০২৬


  • এই সময়: রাজস্থান হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এনে তাঁকে অবিলম্বে সরাতে অনুরোধ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা। সিজেআই সূর্য কান্তের কাছে তাঁর অভিযোগ, রাজস্থান হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি শর্মা তাঁর ক্ষমতার অপব্যবহার করে ধনীদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, স্বজনপোষণ ও পক্ষপাতিত্ব করে বিশেষ কিছু মামলা নিজের বেঞ্চে স্থানান্তরিত করছেন।

    অভিযোগ, নিজেকে সিজেআই–এর ঘনিষ্ঠ বলে দাবি করে বিচারপতি শর্মা নাকি তাঁর সহকর্মী অন্য বিচারপতিদের অন্যত্র বদলি করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দেন! বিচারপতি সন্দীপ মেহতা তিনটি চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে। বিচারপতি মেহতা নিজেও রাজস্থান হাইকোর্ট থেকে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টে যোগ দিয়েছেন। ২, ১০ ও ১৭ অগস্ট সিজেআই–কে চিঠি লিখে এই অনিয়মের বিষয়টি জানান বিচারপতি মেহতা। তাঁর আর্জি, অবিলম্বে বিচারপতি শর্মাকে সরিয়ে অন্য কোনও রাজ্যের হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি রাজস্থানে নিয়োগ করা হোক।

    সিজেআইকে লেখা ২ অগস্টের চিঠিতে বিচারপতি মেহতার অভিযোগ, বিচারপতি শর্মা কোনও কারণ না দেখিয়েই অন্য বেঞ্চের একাধিক মামলা নিজের বেঞ্চে সরিয়ে নিয়েছেন। বিচারপতি মেহতা জানান, সিজেআই তাঁকে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন, কিন্তু এখনও অন্য রাজ্য থেকে প্রধান বিচারপতি রাজস্থানে নিয়োগ করার বিষয়টি বাস্তবায়িত হয়নি বলে আক্ষেপ বিচারপতি মেহতার।

  • Link to this news (এই সময়)