• নেপালের বিপর্যয়ে নিখোঁজ রাজ্যের অন্তত ৩৩ জন বাসিন্দা, কৈলাস মানসসরোবর যাওয়ার পথেই বিপত্তি
    News18 বাংলা | ২৬ আগস্ট ২০২৬
  • নেপালের বিপর্যয়ে এখনও পর্যন্ত এ রাজ্যের মোট ৩৩ জন বাসিন্দা নিখোঁজ বলে খবর৷ এই ৩৩ জনের মধ্যে ৩১ জন পর্যটক এবং দু জন ওই ভ্রমণ সংস্থার ম্যানেজার৷

    জানা গিয়েছে কলকাতার একটি ভ্রমণ সংস্থার ব্যবস্থাপনায় ওই ৩১ জন পর্যটক কৈলাস মানস সরোবর যাত্রার জন্য গত ২১ অগাস্ট রওনা দেন৷ নেপালে পৌঁছে সেখানকার সংস্থা সম্রাট ট্রাভেলস-এর তত্ত্বাবধানে কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দেয় এ রাজ্যের পর্যটকদের দলটি৷ গতকালই তাঁরা নেপালের রসুয়া জেলার রসুয়াগাধিতে পৌঁছেছিলেন বলে জানিয়েছেন ওই ভ্রমণ সংস্থার কর্ণধার দিব্যজ্যোতি বসু৷ ভয়াবহ হড়পা বানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রসুয়া জেলাই৷ বিপর্যয়ের পর থেকেই এই পর্যটকদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না৷

    নেপালের এই সম্রাট ট্রাভেলস-এর অধীনে থাকা মোট ৭১ জন বিদেশী নাগরিক নিখোঁজ রয়েছেন৷ তাঁদের মধ্যে ৫৯ জনই ভারতীয়৷

    নিখোঁজ পর্যটকদের মধ্যে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি সহ বেশ কয়েরটি জেলার বাসিন্দারা রয়েছেন৷ গতকালই রসুয়াগাধিতে পৌছনোর খবর জানিয়েছিলেন পর্যটক দলের সঙ্গে থাকা ভ্রমণ সংস্থার ম্যানেজার জয়ন্ত স্যান্যাল৷ এ দিন বিপর্যয়ের পরই পর্যটক উদ্বিগ্ন সদস্যদের ফোন আসছে ভ্রমণ সংস্থার দফতরে৷

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের নিখোঁজ বাসিন্দাদের পরিজনদের সহায়তায় ভবানী ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ০৩৩২৪৭৯৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১৷

    মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, রাজ্যের কতজন বাসিন্দা এখনও নিখোঁজ তা খতিয়ে দেখা হচ্ছে৷ রাজ্যের যে বাসিন্দারা নেপালে আটকে পড়েছেন তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ আটকদের উদ্ধার করতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
  • Link to this news (News18 বাংলা)