• চূড়ান্ত হলো দিন, এই তারিখেই পানামার বিরুদ্ধে খেলবে ভারত
    এই সময় | ২৬ আগস্ট ২০২৬
  • সই হয়ে গিয়েছিল ইচ্ছাপত্র, অপেক্ষা ছিল তারিখ ঘোষণার। এ বার পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের দিন ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা AIFF। ২৬ সেপ্টেম্বর আয়োজিত হবে ভারত বনাম পানামা ম্যাচ।

    অক্টোবর মাসের তিন তারিখ ব্রাজ়িলের বিরুদ্ধে খেলবে ভারত, তার আগে বিশ্ব ফুটবলের ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে খেলে শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের তৈরি করতে পারবে। আলোচনা চলছে কেপ ভের্দের বিরুদ্ধে খেলা নিয়েও। এই বিষয়ে ডুরান্ড কাপ ফা্ইনালের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ-কে প্রশ্ন করা হলে তিনি ধোঁয়াশা বজায় রেখে বলেছিলেন, ‘ধীরে ধীরে সব জানতে পারবেন, অনেক কিছু নিয়েই আলোচনা চলছে।’

    পানামা ম্যাচ নিয়ে AIFF-এর পাশাপাশি পানামা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও এই ঘোষণা করা হয়েছে। তবে ম্যাচটা কোথায় হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, কেরালা বা কলকাতার মধ্যে কোনও একটাকে বেছে নেওয়া হতে পারে। কারণ এই দুই জায়গায় ফুটবল সমর্থকের সংখ্যা আকাশছোঁয়া।

    বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছে পানামা। ২০২৬ সালের বিশ্বকাপে তারা খেলেছিল। যদিও যাত্রা খুব একটা ভালো হয়নি। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছিল তারা। রীতিমতো কোনও লড়াই দিতে পারেনি পানামা। তবে ধারে ও ভারে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা পানামার বিরুদ্ধে ম্যাচ নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ সন্দেশ ঝিঙ্ঘান, লিস্টন কোলাসোদের সামনে।
  • Link to this news (এই সময়)