• যা দেখি তার সবটুকুই কি সত্যি না তাতে মিশে থাকে মায়াকাজল? ‘মায়া সত্য ভ্রম’-এর ঝলকেই উঠল প্রশ্ন
    আজকাল | ২৬ আগস্ট ২০২৬
  • আধ্যাত্মিকতা, পরাবাস্তব রহস্য এবং কল্পবিজ্ঞানের এক ককটেলে তৈরি ছবি 'মায়া সত্য ভ্রম'। পরিচালনা করেছেন শমীক রায় চৌধুরী। আগামী ২৮শে আগস্ট, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।তিন মূল চরিত্র—এক শোকস্তব্ধ নারী, এক আধ্যাত্মিক মরমী সাধক এবং এক পুলিশ অফিসারের। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ঝলক।

    প্রিয়াঙ্কা সরকার এবং সোহম মজুমদার অভিনীত চরিত্র দু'টির সন্তান 'টরটরো' একদিন আচমকা নিখোঁজ হয়ে যায়। কিছুতেই তাঁর খোঁজ পাওয়া যায় না। দিনের পর দিন কেটে যায়, পুলিশি অনুসন্ধানেও কোনও খোঁজ পাওয়া যায় না। এহেন আবহে আবির্ভাব হয় এক আধ্যাত্মিক সাধকের, যাঁর দাবি মৃতদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি। নিজের সন্তানকে ফিরে পাওয়ার আশায় তাঁর দ্বারস্থ হন প্রিয়াঙ্কা, যদিও তাতে বাধ সাধেন সোহম। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে। প্রশ্ন হয়ে ওঠে আরও জটিল। সন্দেহ হয় তীব্র। এর মাঝেই জুড়ে জুড়ে যায় আরও নানান ছেঁড়া ছেঁড়া জীবনের সব গল্প। মিশে যায় মায়া ও সত্য। শুরু হয় ভ্রমের সীমানা। ধূসর হয়ে ওঠে জীবন। তাই তো ঝলকের একেবারে শেষে শোনা যায় একটি সংলাপ -"কিছু বাস্তব কল্পনার চেয়ে বিচিত্র হয়, তা আপনার পছন্দ না-ও হতে পারে।"

    প্রসঙ্গত, ছবিমুক্তির আগেই বিশ্বজুড়ে একাধিক প্রথম সারির চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন ও স্ক্রিনিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এই ছবি। বিশকেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এবং থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মতো মঞ্চে সমাদৃত হওয়ায় ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে।

    পরিচালক শমীক রায় চৌধুরী তাঁর ছবির বিষয় নিয়ে আজকাল ডট ইন-কে বলেছিলেন, "আমাদের সমাজে একই সঙ্গে ভক্তি, লোককথা এবং বাস্তবতার সহাবস্থান রয়েছে। যেখানে একজন সাধু কারও কাছে ভক্তির পাত্র, আবার কারও কাছে প্রতারক। একটি অলৌকিক ঘটনা কারও কাছে আধ্যাত্মিক অভিজ্ঞতা, আবার অন্য কারও কাছে নিছক মনস্তাত্ত্বিক ব্যাপার। নিশ্চিত ও অনিশ্চিতের এই ধূসর জায়গাতেই জন্ম নিয়েছে 'মায়া সত্য ভ্রম'।"

    ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার এবং সনৎ চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন— আলেকজান্দ্রা টেলর, পরান বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, শুভ্রজিৎ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মজুমদার, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়, অলোক সান্যাল, রানা বসু ঠাকুর এবং পিঙ্কল নন্দী। বিশেষ দু'টি চরিত্রে দেখা যাবে সন্দীপ ভট্টাচার্য আর অনুক্তা ঘোষাল-কে। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ কোলে, সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক এবং সঙ্গীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার।
  • Link to this news (আজকাল)