সংবাদদাতা, আলিপুরদুয়ার: আসন্ন পর্যটন মরশুম থেকে রাজ্যের বনাঞ্চলগুলিতে ফিরছে প্রবেশমূল্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রবেশমূল্য তুলে দিয়েছিলেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর এবার ফিরিয়ে আনা হচ্ছে সেই ‘এন্ট্রি ফি’। সোমবার এই সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। তিনি জানান, সিদ্ধান্ত কার্যত হয়ে গিয়েছে। এখন শুধু মুখ্যমন্ত্রীর সিলমোহরের অপেক্ষা। তিনি অনুমতি দিলেই সামনের পর্যটন মরশুম থেকে আগের মতো প্রবেশ মূল্য দিয়েই ঢুকতে হবে জঙ্গলে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ফি কমতে পারে। প্রসঙ্গত, ফি-বছর ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলগুলি বন্ধ থাকে।