নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের চূড়ান্ত খসড়া প্রকাশ করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। দপ্তরের ওয়েবসাইট ও কলকাতা পুরসভার ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিলিমিটেশনের পর পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হবে ২০৯। এর জন্য পুর আইনে সংশোধন আনা প্রয়োজন ছিল। সেই মতো ইতিমধ্যে পুর আইনের সংশোধনী বিল বিধানসভায় পাশ হয়েছে। রাজ্যপাল তাতে স্বাক্ষর করায় তা বর্তমানে আইনেও পরিণত হয়েছে।
প্রসঙ্গত, এ সংক্রান্ত একটি প্রাথমিক খসড়া কিছুদিন আগে প্রকাশ করা হয়। আইন সংশোধনের পর এবার চূড়ান্ত খসড়া জনসমক্ষে এনেছে দপ্তর। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আম জনতা এ বিষয়ে নিজেদের মতামত জানানোর সুযোগ পাবে। একটি সর্বদল বৈঠকও হওয়ার কথা। তারপর ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপর প্রকাশিত হবে ওয়ার্ডভিত্তিক সংরক্ষণ তালিকা।