• হাসপাতাল চত্বরে থুতু, গুটখার পিক ফেললেই কঠোর পদক্ষেপ
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হাসপাতাল চত্বরকে তামাক মুক্ত করতে জোর দিল রাজ্য। সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদপ্তর সব ব্লক হাসপাতাল, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠিয়েছে। হাসপাতাল চত্বরে ধূমপান, তামাক সেবন ও থুতু মুক্ত করতে গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। 

    এই ব্যাপারে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, আমরা প্রতিনিয়ত হাসপাতাল চত্বরকে তামাক মুক্ত রাখার চেষ্টা করছি। এবার থেকে ধরা পড়লে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমন নির্দেশ পেয়েছি। তবে তার আগে মানুষকে সচেতন হতে হবে। এরজন্য ক্যাম্পাসে সচেতনতাও চলছে। 

    ঝা চকচকে বিল্ডিং। কিন্তু সেই বিল্ডিংয়ের দেওয়ালের কোণে লাল দাগ। কিছু ক্ষেত্রে সিঁড়িতেও একই দৃশ্য দেখা যায়। এক শ্রেণির মানুষ গুটকা খেতে খেতে সেখানে ক্রমাগত থুতু ফেলে। তাতেই নতুন ভবনগুলিতে লাল দাগ হয়। এমনকি, হাসপাতাল চত্বরে যথেচ্ছ ধূমপানও করা হয়ে থাকে। এই অভ্যাস বদলাতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজ্য।  পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, হাসপাতাল চত্বরে রোগীদের পাশাপাশি শিশুরা নিয়মিত যাতায়াত করে। তাদের সামনে ধূমপান বা থুতু ফেলা অস্বাস্থ্যকর। এর ফলে সংক্রমণ ছড়াতে পারে। একইসঙ্গে হাসপাতাল চত্বরও নোংরা, দূষিত হয়। এই ধরনের পরিস্থিতি বদলাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা আরামবাগ মেডিক্যাল কলেজ সহ অন্যান্য হাসপাতালগুলিতেও কড়া নজর রাখছি। 

    স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের এই নির্দেশিকা মানতে হাসপাতাল কর্তৃপক্ষকে একজন নোডাল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে। হাসপাতাল চত্বর যাতে তামাক ও থুতু মুক্ত হয়, সেইদিকে তিনি নজর রাখবেন। পাশাপাশি সচেতনমূলক প্রচারে নোডাল অফিসারের ফোন নম্বরও দিতে হবে। তাছাড়া হাসপাতাল চত্বরে থাকা ক্যান্টিন, দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি ও প্রদর্শন না করা হয় সেই দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। এছাড়া হাসপাতালের প্রবেশপথ, ওপিডি, করিডর, শৌচাগার লিফ্ট, সিঁড়ি প্রভৃতি সম্ভাব্য ধূমপান ও থুতু ফেলার স্থানগুলিতে তামাক ও থুতু ফেলা নিষিদ্ধ বলেও সাইনবোর্ড দিতে হবে।  উল্লেখ্য, আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে এখনও ধূমপানের দৃশ্য দেখা যায়। মাঝে মাঝে স্বাস্থ্যদপ্তর অভিযান চালিয়ে হাতেনাতে ধূমপায়ীদের পাকড়াও করেছে। তাঁদের জরিমানাও করা হচছে। কিন্তু অভিযান শেষের পর ফের সেই একই ছবি দেখা যায়। তবে এবার রাজ্য স্বাস্থ্যদপ্তর এই পরিস্থিতির বদলাতে কড়া অবস্থান নিতে নির্দেশ দিয়েছে। 
  • Link to this news (বর্তমান)