• স্কুল ফাঁকি দিয়ে ধূমপান, তরুণের মুখে ধোঁয়া! সাসপেন্ড তিন পড়ুয়া
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, ইসলামপুর: স্কুল ফাঁকি দিয়ে ধূমপান করার অভিযোগে নবম শ্রেণির তিন পড়ুয়া সাসপেন্ড। ডালখোলা হাইস্কুলের এই ঘটনায় জেলার শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুলে মিলাদ উন নবী অনুষ্ঠান ছিল। সেসময় স্কুল ড্রেসে থাকা কয়েকজন পড়ুয়া হাইস্কুল পাড়া সংলগ্ন পিছনের রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছিল। ওই রাস্তার পাশ দিয়ে এলাকার তিনজন তরুণ যাচ্ছিল। তারা প্রতিবাদ করে। এতে পড়ুয়াদের সঙ্গে বচসা বেধে যায়। ধূমপান করে তরুণের মুখে তারা সেই ধোঁয়া দিয়ে দেয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় বলে অভিযোগ। পাড়ার লোকজন ছুটে আসেন। সেসময় পড়ুয়ারা স্কুলে ঢুকে যায়।

    পড়ুয়াদের এই উদ্ধত আচরণের কারণে বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছায়। তাদের অভিযোগ, এর আগেও বাসিন্দারা ছাত্রদের এমন আচরণ নিয়ে স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ না করায় পড়ুয়াদের আচরণ পরিবর্তন হয় নি। পরিস্থিতি সামাল দিতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে পাঠান। অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস বলেন, এই দিন স্কুলে মিলাদ উন নবী অনুষ্ঠান ছিল। তাই গেট খোলা ছিল। সেই সুযোগে ওই পড়ুয়ারা বাইরে চলে গিয়েছিল। অভিভাবকদের সঙ্গে আলোচনা হয়েছে। এই ধরনের আচরণের জন্য নবম শ্রেনীর তিনজন ছাত্রকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। অভিভাবকেরা সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বাসিন্দারা বলছেন, বিভিন্ন সময় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ ওঠে। কিন্তু এবার পড়ুয়াদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় পড়ুয়াদের নীতি শিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। 
  • Link to this news (বর্তমান)