নাগপুর: কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। এরইমধ্যে নিজের ‘অবসর’ নিয়ে জল্পনা উসকে দিলেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকারি। সোমবার নাগপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘গত ৩০ বছর ধরে জনসেবায় কাজ করছি। অনেক ওঠা-নামা দেখেছি। পুরস্কারও পেয়েছি। কিন্তু এখন খুব বেশি কাজ করতে পারি না। নতুন প্রজন্মকে কাজের সুযোগ দেওয়া উচিত।’ রাজনৈতিক মহলের একাংশ ওই মন্তব্যকে গাদকারির মন্ত্রী-পদ ছাড়া ও রাজনৈতিক অবসরের ইঙ্গিত হিসাবেই দেখছেন। যদিও গাদকারি কিছু স্পষ্টভাবে বলেননি।
তবে জল্পনা থামছে না। সম্প্রতি নানা কারণেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজেপির এই অন্যতম শীর্ষ নেতা।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে। অনেকেই গাড়ির মাইলেজ কমে যাওয়া ও যন্ত্রাংশের ক্ষতি হওয়ার মতো অভিযোগে সরব। গাদকারি দীর্ঘদিন ধরেই ইথানল মিশ্রিত জ্বালানির পক্ষে সওয়াল করে আসছেন। এজন্য তিনি সমালোচনার মুখে পড়েছেন। এই আবহেই গাদকারির মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ‘আগে দলের কাজের সময় শিঙাড়া খেতাম, যেখানে-সেখানে ঘুমিয়ে পড়তাম। কিন্তু করোনা পর্বের পর এধরনের জীবনচর্চায় রাশ টানতে হয়েছে। এখন নিয়ম করে প্রতিদিন যোগাভ্যাস করি। স্বাস্থ্য ভালো না থাকলে ক্ষমতা ও পদ কোনো কাজে আসে না।’