এই সময়: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার পূর্ণ ক্ষমতা এ বার রাজ্যকে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আবেদন গ্রহণ করা থেকে শুরু করে তার নিষ্পত্তি— এ বার থেকে সব সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য। এই মর্মে গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তির উল্লেখ করে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এ বার থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন নাগরিকত্ব আমার কাছ থেকে বুঝে নেবেন।’ এতদিন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে–সব আবেদন করা হয়েছিল, সেগুলিরও নিষ্পত্তি রাজ্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত এর ভার ছিল কেন্দ্রের হাতে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাব যে, তিনি ভারত সরকারের এই গেজেটের মাধ্যমে সিএএ (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট)-তে আবেদনের শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা এর ভার জেলাশাসকদের দিয়েছি।’ এখনও পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইনে রাজ্যে বসবাসকারী ২ লক্ষ ৩০ হাজার জন আবেদন করেছেন। তার মধ্যে ২৩ হাজার মানুষ সার্টিফিকেট পেয়েছেন। ২ লাখ ৭ হাজার নাগরিকের আবেদনের শুনানি করে যোগ্যদের সার্টিফিকেট দেবে রাজ্য। শুভেন্দু বলেন, ‘এখনও পর্যন্ত যাঁরা আবেদন করেননি, তাঁরা এ বার তা করতে পারবেন। যেহেতু রাজ্যের হাতে পূর্ণ ক্ষমতা এসে গিয়েছে, তাই আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সার্টিফিকেট দিয়ে দিতে পারব।’
এর পরেই তিনি বলেন, ‘যাঁরা এই আইনে নাগরিকত্বের জন্যে আবেদন করবেন, এখন থেকে তা আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী, মতুয়া যাঁরা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যাঁরা আমাদের ক্ষমতায় বসিয়েছেন—এ বার সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়েছে।’