• বিষাক্ত ধুতুরা ফল-বীজ অনলাইনে বিক্রি, অ্যামাজ়ন-ইনস্টামার্ট-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
    এই সময় | ২৫ আগস্ট ২০২৬
  • ধুতুরা ফল ও বীজ বিক্রির অভিযোগে অ্যামাজ়ন, ইনস্টামার্ট এবং বিগবাস্কেটের ফুড লাইসেন্স সাময়িক ভাবে স্থগিত করে দিল কর্নাটক সরকার। এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। সেই রিপোর্ট হাতে আসার পরেই সোমবার ফুড লাইসেন্স সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেয় কর্নাটকের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট।

    বিশেষজ্ঞদের মতে, ধুতুরা ফল বিষাক্ত। বীজও তাই। এতে অ্যাট্রোপিন, স্কোপোলামিন ও হায়োসিয়ামিন-এর মতো বিষাক্ত অ্যালকালয়েড থাকে। সেগুলি শরীরে গেলে গুরুতর বিষক্রিয়া হতে পারে। কিন্তু এই ধুতুরা ফল ও বীজই অ্যামাজন, ইনস্টামার্ট এবং বিগবাস্কেটে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। শুরু হয় তদন্ত।

    তদন্তে দেখা যায়, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে রমরমিয়ে বিক্রি হচ্ছে ধুতুরা ফল ও বীজ। কোথাও পণ্যের প্যাকেটে FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বরও দেওয়া ছিল। এর পরেই তিনটি সংস্থার প্রতিনিধিদের কর্তৃপক্ষের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

    কর্নাটকের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, অ্যামাজ়ন কোনও জবাব দেয়নি। ইনস্টামার্ট নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চেয়েছে। অন্য দিকে, বিগবাস্কেট জানিয়েছে, তারা অনলাইনে ধুতুরা ফলের বিক্রি বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে প্যাকেটের গায়ে ‘মানুষের খাওয়ার জন্য নয়’ বলে লিখে দেবে তারা।

    সংস্থাগুলির এই জবাবে সন্তুষ্ট নয় খাদ্য সুরক্ষা দপ্তর। তাদের স্পষ্ট বক্তব্য, খাদ্য হিসেবে ধুতুরা মজুত, বিক্রি বা সরবরাহ করা চলবে না। এর পরেই অ্যামাজ়ন, ইনস্টামার্ট এবং বিগবাস্কেটের ফুড লাইসেন্স সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংস্থাগুলি নিজেদের বক্তব্য জানানোর পরে শুনানি করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

    শুধু অনলাইন প্ল্যাটফর্ম নয়, তাদের মাধ্যমে ধুতুরা ফল ও বীজ সরবরাহ করা বিক্রেতা ও সরবরাহকারীদের লাইসেন্স এবং রেজিস্ট্রেশনও অবিলম্বে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষের খাবার হিসেবে ধুতুরা ফল বা বীজ বিক্রির সমস্ত অনলাইন বিজ্ঞাপনও দ্রুত সরিয়ে ফেলতে বলেছে কর্নাটক সরকার।

    ১. ধুতুরা ফল ও বীজ কি বিষাক্ত?

    হ্যাঁ। এতে বিষাক্ত অ্যালকালয়েড থাকে, যা শরীরে গেলে গুরুতর বিষক্রিয়া হতে পারে।

    ২. কোন তিন সংস্থার লাইসেন্স স্থগিত হয়েছে?

    অ্যামাজন, ইনস্টামার্ট এবং বিগবাস্কেটের।

    ৩. কেন লাইসেন্স স্থগিত করা হয়েছে?

    মানুষের খাবার হিসেবে ধুতুরা ফল ও বীজ বিক্রির অভিযোগে তদন্তের পর এই পদক্ষেপ।

    ৪. লাইসেন্স কি স্থায়ী ভাবে বাতিল হয়েছে?

    না। এটি সাময়িক স্থগিতাদেশ। শুনানির পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা হতে পারে।

    ৫. বিক্রেতাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা হয়েছে?

    হ্যাঁ। সংশ্লিষ্ট বিক্রেতা ও সরবরাহকারীদের লাইসেন্স ও রেজিস্ট্রেশনও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)