দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৬
গত মাসে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল যন্তর মন্তর। তার এক মাস কাটতে না কাটতেই দিল্লিতে ফের সরকার-বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছে তারা। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, প্রতিবাদের নামে ফের বিক্ষোভের ছক করছে ‘আরশালো’রা।
সিজেপি মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, সরকারের তরফে যে প্রতিশ্রুতিগুলি দেওয়ার হয়েছিল, সেগুলি পূরণে তারা ব্যর্থ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জেন জি, তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তা বরদাস্ত করব না।’ সৌরভ বলেন, “গত ২৫ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে ভারত সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেগুলি তারা আদৌ রক্ষা করবে কি না – তা নিয়ে আমরা সংশয়ে রয়েছি। তাই একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, যা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত হবে। আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার এবং গত ২০ জুলাই পুলিশের হাতে নির্যাতিত ব্যক্তিরা এই মিছিলের নেতৃত্ব দেবেন।”
এদিকে দেশজুড়ে সরকারি স্কুলের হাল ফেরাতে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি। নানা রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন ‘ককরোচ’-প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ‘ককরোচ’ নেতা আশুতোষ রাঙ্কা-সহ অন্যান্যরা। এরপরই মহারাষ্ট্রের আউসা থানায় এফআইআর দায়ের হয়েছে দীপকের বিরুদ্ধে। অভিযোগ, অনুমতি না নিয়েই স্কুল চত্বরে ঢুকে পড়েছে ককরোচ নেতৃত্ব।