পর্যটনকে ঢেলে সাজাচ্ছে সরকার, রাজ্যজুড়ে ১ হাজার পর্যটন সুবিধাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের
দৈনিক স্টেটসম্যান | ২৫ আগস্ট ২০২৬
রাজ্যে পালাবদলের পরে বাংলার পর্যটনকে ঢেলে সাজাচ্ছে নতুন সরকার। পর্যটনের উন্নয়নে ১ হাজার কোটি টাকার মেগা প্ল্যানের কথা জানিয়েছে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। এবার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ রাজ্যজুড়ে ১ হাজার পর্যটন সুবিধাকেন্দ্র স্থাপন করতে চলেছে। এই কেন্দ্রগুলিতে শৌচাগার, পানীয় জল এবং শিশু পরিচর্যা পরিষেবার মতো প্রাথমিক সুবিধা থাকবে। সোমবার একথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের সাহায্যে এই কেন্দ্রগুলি তৈরি করা হবে। পর্যটন বিভাগ সেই স্থানগুলি চিহ্নিত করবে যেখানে এই সুবিধাগুলির প্রযোজ্য হবে বলে জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এই পদক্ষেপের লক্ষ্য হল পর্যটন কেন্দ্রগুলিতে মৌলিক পরিকাঠামোগত ঘাটতি পূরণ করা। সেই সঙ্গে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা উন্নত করা।
সল্টলেকের উদয়াচল ট্যুরিস্ট লজে জেলা কর্তাদের সঙ্গে এক বৈঠকে ঘোষ একথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘এমন অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে জল নেই, শৌচাগার নেই এবং শিশু পরিচর্যার সুবিধাও নেই। আমরা এটি পরিবর্তন করতে চাই। আমরা নিশ্চিত করতে চাই যে রাজ্যের পর্যটকরা অন্তত তাদের প্রাপ্য মৌলিক সুবিধাগুলি পান। যা পশ্চিমবঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে অনুপস্থিত ছিল।’
পর্যটনমন্ত্রী আরও বলেন, ‘পর্যটন উন্নয়নে স্থানীয় প্রশাসনের অংশগ্রহণ বাড়াতে এবং উন্নত পর্যটন সুবিধার প্রয়োজন রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করতে জেলা ও মহকুমা পর্যায়ে দল গঠন করা হয়েছে। পর্যটন পরিকাঠামো শক্তিশালী করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং রাজস্ব বাড়াতে সরকার বেসরকারি অংশীদার এবং ট্যুর অ্যান্ড ট্র্যাভেল অপারেটরদের বৃহত্তর অংশ যুক্ত হতে চাইছে।’
উল্লেখ্য, সম্প্রতি শঙ্কর ঘোষ জানিয়েছিলেন, পর্যটনকেন্দ্রগুলিতে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হবে। প্রথমে দার্জিলিং ও সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। এরপর দীঘা ও মন্দারমণির মতো হলিডে ডেস্টিনেশনের পরিকাঠামোর উন্নতিতে নজর দেওয়া দেবে সরকার। পশ্চিমবঙ্গকে আগামী দিনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে পছন্দের হলিডে ডেস্টিনেশন করে তোলারও পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি জানিয়েছিলেন।