• Breaking News LIVE: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এ বার স্ক্যানারে একের পর এক পুরসভা
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বাপি প্রামাণিক। তাঁর পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বাপির উপরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় এ বার CBI স্ক্যানারে একের পর এক পুরসভা। দক্ষিণ দমদম, বরানগর ও কামারহাটি পুরসভায় কর্মরত ৫ কর্মীর দিকে নজর। মঙ্গলবার তাঁদের CBI দপ্তরে তলব করা হয়েছে। এর আগেও CBI আধিকারিকরা বরানগর, কামারহাটি পুরসভার ৩ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে।

    ১১ সেপ্টেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। একই সঙ্গে ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দাবি না মানলে ২৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। 

     সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন। নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিটে আগুন লাগে। আগুনে পুরে মর্মান্তিক মৃত্যু তিন নবজাতকের। সূত্রের খবর, স্পেশাল কেয়ার ইউনিটের ভিতরে থাকা একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ ঘটে। যার জেরে আগুন লেগে যায়।

    বিরাটিতে যশোর রোডের ধারের একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন। সূত্রের খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। এর পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো সার্ভিস সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। এখনও চলছে আগুন নেভানোর কাজ।

    নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরের কিছু জেলাতেও ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    অশান্তির পরে আজ সোমবার থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগেই পঠনপাঠন হয়নি বলেই সূত্রের খবর। তার পরে শনি-রবিবারের ছুটির পরে সোমবার ফের বিশ্ববিদ্যালয় খুলছে।

  • Link to this news (এই সময়)