রূপক মজুমদার, বর্ধমান
পূর্ব বর্ধমানের তালিতের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অভিযোগ আগে থেকেই ছিল। অভিযোগ, তাদের নিজস্ব হাসপাতাল না থাকলেও অন্য একটি ২০০ শয্যার বেশি বেসরকারি হাসপাতাল দেখিয়ে সেখানে পড়ুয়া ভর্তি করছিল। সম্প্রতি সেই মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা মালিক মারা যাওয়ার পরে তাঁর সই নকল করে সেখানে কিছু অনৈতিক কাজ হচ্ছিল বলেও তাঁর স্ত্রী অভিযোগ করেছিলেন।
রবিবার জেলা সফর শেষে কলকাতা ফেরার পথে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় কাউকে কিছু না জানিয়ে ঢুকে পড়েন ওই বেসরকারি হাসপাতালে, যাকে দেখিয়ে ওই বেসরকারি মেডিক্যাল কলেজটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখানে দাঁড়িয়েই ফোন করে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আপনাদের সঙ্গে ওই মেডিক্যাল কলেজের কী সম্পর্ক? কেন আপনারা ওদের প্রিভিলেজ দেন? ওদের নামে জালিয়াতি, জোর করে টাকা আদায়, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর অভিযোগ। আপনি ২৪ ঘণ্টার মধ্যে, সম্ভব হলে আজ রাতের মধ্যেই ওদের চিঠি দিয়ে জানিয়ে দেবেন যে ওদের সঙ্গে আপনাদের আর কোনও রকম কোথাও সম্পর্ক নেই। এমসিআই (মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া) এবং আমাদের তার কপি পাঠাবেন। কোনও অবস্থায় যেন এর অন্যথা না হয়। আমি আপনার হাসপাতালের রিসেপশনে দাঁড়িয়েই ফোন করছি।' মনে করা হচ্ছে ফোনের অন্য প্রান্তে বেসরকারি হাসপাতালের কোনও কতাই ছিলেন।
বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ রাজ্য স্বাস্থ্য দপ্তর ও মেডিক্যাল কাউন্সিলের অফিসে জমা পড়েছে। সই জাল করার মতন অভিযোগও রয়েছে। ওই বেসরকারি হাসপাতালের যে কর্তাকে স্বাস্থ্যমন্ত্রী রবিবার ফোন করেছিলেন, সেই চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে স্বাস্থ্যমন্ত্রী ফোন করে জানিয়েছেন ওদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ওদের কোনও বিষয়ে আমরা যেন না থাকি। আমি ওই মেডিক্যাল কলেজে ভাইস প্রিন্সিপাল পদে ছিলাম। আমি সমস্ত জায়গা থেকে আজকেই পদত্যাগ করে দিচ্ছি।'
যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বেসরকারি মেডিক্যাল কলেজের পরিচালন সমিতির অন্যতম সদস্য অনিন্দিতা দাসের কথায়, 'আমাদের এখানেও স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন। ওঁর কাছে কিছু অভিযোগ জমা পড়েছিল। উনি সেগুলো খতিয়ে দেখেছেন। আমাদের কিছু কাগজপত্র নিয়ে ওঁর কাছে যেতে বলেছেন। আমি সবকিছু নিয়ে যাব। কে বা কারা এ অভিযোগ করেছে তা জানা নেই। তবে বড় কোনও প্রতিষ্ঠান হলে তখন অনেকেই অভিযোগ করে। সেরকমই একটা কিছু হয়েছে বলে আমার ধারণা।'