মহম্মদ মহসি, উলুবেড়িয়া
কেমন হতো, যদি ইট দিয়ে বাড়ি, ইমারত তৈরির পরে আর প্লাস্টার বা রং করার ঝক্কি না থাকত? ইটের খরচের পাশাপাশি পরের ধাপের এই কাজ ও কাজের খরচ, দুইয়ের বোঝাই কমে যেত? এ আর এখন বেশি দূরের স্বপ্ন নয়। খুব দ্রুত বাজারে আসতে চলেছে নতুন প্রযুক্তির রঙিন ইট, যা ব্যবহার করলে বাড়ি রং করার ধকল নিতে হবে না। স্বয়ংসম্পূর্ণ রঙিন ইটই সেই কাজ সামলে দেবে।
হাওড়া জেলার শেষ প্রান্ত শ্যামপুর ইট শিল্পের জন্য বিখ্যাত। এখানকার শ্যামপুর থানা ব্রিকফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নতুন প্রযুক্তি ব্যবহার করে রঙিন ইট তৈরিতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে। ইটভাটার মালিকদের এই বিষয়ে উৎসাহিত করতে এবং নতুন প্রযুক্তির ব্যবহারে প্রশিক্ষিত করতে তারা দেউলটিতে এক কর্মশালারও আয়োজন করেছে। আগামী বুধবার এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ইট বিশেষজ্ঞ সৌমেন মাইতি এবং কোরিয়া থেকে আসা বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, বিশ্বের মধ্যে ভিয়েতনামে এবং আমাদের দেশের গুজরাটে এই রঙিন ইট তৈরি হয়ে থাকে। শ্যামপুর থানা ব্রিকফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তন্ময় শী জানান, কাঁচা মাটির ইট পুড়িয়ে পাকা ইট তৈরি হয়। সেই ইট পোড়ানোর জন্য কয়লা ব্যবহার করা হয়। নতুন এই প্রযুক্তিতে ইট তৈরি করার জন্য কয়লার ব্যবহার লাগে না। এক বিশেষ পদ্ধতিতে এই ধরনের কাঁচা ইটকে শুকনো করা হয়ে থাকে। এর ফলে, এই কালারফুল ইট পরিবেশবান্ধবও বটে। অত্যাধুনিক মেশিন ও প্রযুক্তির মাধ্যমে এই রঙিন, মজবুত ইট তৈরি করা হবে। তিনি জানান, এই ইট দিয়ে বাড়ি ও ইমারত তৈরি হলে, তা সাধারণ ইটের মতোই টেকসই ও শক্তপোক্ত হবে। শ্যামপুরে সফল ভাবে রঙিন ইট তৈরি করতে পারলে, হাওড়া তথা পশ্চিমবঙ্গে নজির সৃষ্টি হবে। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ভিয়েতনামে বড়বড় প্যালেস এবং বাড়ি এই ধরনের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। এই প্রযুক্তি হাতেকলমে দেখাতে তাঁদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামপুরের ইটভাটা মালিকদের একটি দলকে গুজরাট ও ভিয়েতনামে নিয়ে যাওয়া হবে।
বেঙ্গল ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের শ্যামপুর শাখার সভাপতি অরূপ মান্না জানান, এই রঙিন ইট বাজারে এলে, হাওড়া জেলার ইটশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী শ্যামপুর থানা ব্রিকফিল্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইটভাটা মালিক বংশী কর বলেন, 'অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তন্ময় শীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।'