• কমিটিতে বদলে অশান্তির আশঙ্কা নেই তো, জানতে চায় পুলিশ, দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা রক্ষায় কোমর বাঁধছে লালবাজার
    এই সময় | ২৪ আগস্ট ২০২৬
  • শ্যামগোপাল রায়

    রাজ্যে পরিবর্তনের পরে কলকাতার বেশ কিছু দুর্গাপুজো কমিটিতে বদল হয়েছে। পুজো কমিটি বা ক্লাবে বদলের জেরে অভ্যন্তরীণ কোন্দল বা গোলমালের ঘটনাও দেখা গিয়েছে অতীতে। সেই বিবাদ এড়াতেই এই বছর কোন কোন পুজো কমিটিতে রদবদল হয়েছে, নতুন দায়িত্বে কারা এসেছেন এবং বদলের জেরে কোনও অশান্তির আশঙ্কা রয়েছে কি না, তা জানতে তৎপর লালবাজার।

    সূত্রের খবর, পুজো কমিটির তালিকায় নতুন কোনও নামের সংযোজন হলে বা কেউ বাদ গেলে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কথা জানানো হয়েছে সব থানার ওসিদের। পুলিশের এক কর্তার কথায়, ‘পুজোর আর দু’মাসও বাকি নেই। সে কারণেই উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পরিকল্পনা।’

    সম্প্রতি পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশে, আসন্ন উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা, ভিড় ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুলিশ। কোন দিক দিয়ে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করবেন, কোন পথে দিয়ে বেরোবেন—তার বিস্তারিত পরিকল্পনা করার কথা জানানো হয়েছে সব ডিভিশনের ডিসি (ডেপুটি কমিশনার) এবং ট্র্যাফিকের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের। দ্রুত এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে লালবাজারের তরফে।

    সূত্রের খবর, শীর্ষকর্তাদের থেকে নির্দেশ আসার পরেই পরেই ডেপুটি কমিশনাররা তাঁদের আওতাধীন সব থানার ওসি এবং ট্র্যাফিক গার্ডের আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট থানা এলাকার পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ ব্লু–প্রিন্ট তৈরি করতে হবে। কোন পুজোমণ্ডপে কেমন ভিড় হতে পারে, শহরের কোন কোন রাস্তায় পথচারী ও যানবাহনের অত্যধিক চাপ পড়তে পারে কিংবা কোন কোন চত্বর সংকীর্ণ—তা চিহ্নিত করার কথাও জানানো হয়েছে।

    নিরাপত্তায় বাড়তি জোর দিয়ে লালবাজার নির্দেশ দিয়েছে, প্রতিটি এলাকার বড় পুজো এবং আকর্ষণীয় থিমগুলির উপরে যেমন নজর রাখতে হবে, তেমনই অতীতে ওই পুজোকে কেন্দ্র করে কোনও আইন-শৃঙ্খলার অবনতি বা বিতর্ক হয়েছিল কি না, তা–ও খতিয়ে দেখা হবে। এমনকী, এই বছর নতুন কোনও বিবাদের আশঙ্কা রয়েছে কি না, তা–ও গোয়েন্দাদের নজরে রাখার কথা জানানো হয়েছে। পুলিশের তৎপরতা প্রসঙ্গে কলকাতার দুর্গাপুজোর প্রধান সংগঠকদের সংগঠন, ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক অঞ্জন উকিল বলেন, ‘প্রশাসন প্রশাসনের কাজ করছে। পুজো যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, আমাদের তরফে তার জন্য পূর্ণ সহযোগিতা করা হবে।’

  • Link to this news (এই সময়)