এই সময়: মিলন উৎসব এবং প্রীতিভোজের অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপির দুই গোষ্ঠী।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আনন্দপুরে ১০৮ নম্বর ওয়ার্ডে রবিবার দুপুরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন ‘নব্য বিজেপি’রা। ‘তোলাবাজির টাকা’–য় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি অরুণ বিষয়ী এবং তাঁর ঘনিষ্ঠদের। তা নিয়ে শনিবার রাতেই দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। পাল্টা অভিযোগ ওঠে, অরুণ স্থানীয় ক্লাব দখল করতে মিথ্যে অভিযোগ করছেন। প্রীতিভোজের সঙ্গে তোলাবাজির কোনও সম্পর্ক নেই। দু’পক্ষই থানার দ্বারস্থ হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আদি বিজেপিদের অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের ওই প্রীতিভোজে খাসির মাংস, কাতলা মাছ ও গলদা চিংড়ির মতো নানা পদের খাবার ছিল। অভিযোগ, নব্য বিজেপিরা সোনার দোকান, বিভিন্ন ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলে তার আয়োজন করেছিলেন। অরুণের দাবি, ‘তোলাবাজির প্রতিবাদ করায় আমাদের উপরে হামলা চালানো হয়েছে। বিজেপি–র উদ্যোগে নাকি প্রীতিভোজ হচ্ছে। কে করতে বলেছে? কারও নির্দেশ আছে? ১৫ লক্ষ টাকা নাকি খরচ হচ্ছে! পরে যদি আমার কাছে দল জানতে চায়, আমি কী বলব? সাধারণ মানুষ আমাদের বলবেন। আমরা জীবন বাজি রেখে কাজ করছি। ৪ মে–র পরে যাঁরা দলে ঢুকেছেন, তাঁরা এমন ঘটনা ঘটাচ্ছেন!’
বিরোধী গোষ্ঠী বলে পরিচিত সরস্বতী সরকারের দলের পাল্টা দাবি, তাঁরা দলের পুরোনো কর্মী। মণ্ডল সভাপতি দলবল নিয়ে অন্যায় ভাবে অনুষ্ঠানে হামলা চালিয়েছেন এবং মারধর করেছেন। সরস্বতীর অভিযোগ, ‘আমাদের ক্লাবকে দখল করা ওদের লক্ষ্য।’ উভয় পক্ষই পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন।