অবৈধ অটো চালাতে হুমকি ভারতীয় মজদুর সংঘের, বারাকপুরে বন্ধ ৪ রুট
বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর-বারাসত রুটে বৈধ কাগজপত্র ছাড়াই বহিরাগত ব্যক্তিদের অটো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মজদুর সংঘ। এর প্রতিবাদে শনিবার ৪ রুটের কয়েকশো অটো বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন অটো চালকরা। এবং ওয়ারলেস মোড় অবরোধ করলেন। এই ঘটনায় যাত্রীরা মারাত্মক অসুবিধার মুখে পড়েন।
বিক্ষোভকারী চালকদের বক্তব্য, বারাকপুর-বারাসত, বারাকপুর-নীলগঞ্জ, বারাকপুর-কাঁঠালিয়া এবং বারাকপুর-কুণ্ডুবাড়ি রুটের সমস্ত অটো বন্ধ রাখা হয়েছিল। বিজেপি সরকার আসার পর ভারতীয় মজদুর সংঘের মদতে দু’টি অটো এই রুটে চলবে বলে চলে এসেছে। দু’দিন ধরে সে দু’টিকে আটকানোর চেষ্টা চলছে। এখন বিএমএস নেতারা হুমকি দিচ্ছেন। অমল পাল নামে এক অটো চালকের বক্তব্য, ‘শ্যামনগর ও মধ্যমগ্রাম থেকে দুই অটোচালক বৃহস্পতিবার থেকে বারাকপুর স্টেশনে লাইনে দাঁড়ায়। আমরা তাদের আটকে দিয়েছিলাম। অটোগুলির কোনো রুট পারমিট ও বৈধ কাগজ নেই। তবুও জোর করে লাইনে দাঁড়াচ্ছে। শুক্রবার ফের তারা আসে। আমরা বাধা দেওয়ার পর বিএমএসের এক নেতা এসে আমাদের হুঁশিয়ারি দেন।’ প্রদীপ কর নামে আর এক অটো চালকের দাবি, ‘এভাবে যদি অন্য জায়গার এবং বৈধ কাগজপত্র ছাড়া অটো এই রুটে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আমাদের মতো যারা বৈধ লাইসেন্স নিয়ে অটো চালাচ্ছেন তাঁরা সমস্যায় পড়বেন।’শনিবার অটো চালকরা ওয়ারলেস মোড়ে বিক্ষোভ দেখান। ফলে ব্যস্ত রাস্তায় দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়। ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। অটোচালকদের বক্তব্য, বৈধ কাগজপত্র যাদের আছে তাঁরাই এই রুটগুলিতে অটো চালাবেন। শীঘ্রই তাঁরা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এদিন এই সমস্ত রুটের নিত্যযাত্রীদের গন্তব্যে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।