• ‘যোদ্ধা সেবা সম্মান’ প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতোর
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, পুরুলিয়া: দেশের সেবা করেছেন দীর্ঘ ১৫ বছর ৭ মাস। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও থামেনি তাঁর সেবার সংকল্প। প্রত্যন্ত পুরুলিয়ার দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে দিতে নিরন্তর কাজ করে চলেছেন প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো। সেই কাজেরই স্বীকৃতি হিসেবে এবার তাঁর মুকুটে উঠল জাতীয় সম্মানের পালক। ভারতীয় সেনার তরফে তাঁকে দেওয়া হল ‘যোদ্ধা সেবা সম্মান’।

    গত ২১ আগস্ট নয়াদিল্লির আর্মি হেডকোয়ার্টারে আয়োজিত রিটায়ারিং অফিসার্স সেমিনারে এই সম্মান প্রদান হয়। সেনা থেকে অবসর নেওয়া আধিকারিকদের এই সেমিনারের মঞ্চেই তিন জন প্রাক্তন সেনাকর্মীকে তাঁদের অবসর-পরবর্তী সমাজসেবা, প্রাক্তন সেনা ও যুব সমাজের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়। এঁদের মধ্যে ছিলেন পুরুলিয়ার গর্ব অনুপ কুমার মাহাতো। সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন অনুপবাবু। সেনাবাহিনীতে তাঁর কর্মজীবনের শুরু ২০০৪ সালের জানুয়ারিতে। প্রায় ১৫ বছর ৭ মাস দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের পর ২০১৯ সালের ৩১ আগস্ট অবসর নেন। কর্মজীবনে জম্মু-কাশ্মীর, শ্রীনগর ও লেহ-র মতো কঠিন ও উচ্চ পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করেছেন। সেই দীর্ঘ সেনাজীবনের অভিজ্ঞতাই অবসর-পরবর্তী সময়ে যুবসমাজের পাশে দাঁড়ানোর প্রেরণা হয়ে ওঠে।

    ২০১৯ সাল থেকেই পুরুলিয়ায় ফিজিক্যাল ইনস্টিটিউট এর মাধ্যমে বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরির প্রস্তুতি দিয়ে চলেছেন অনুপবাবু। পুরুলিয়া-সহ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এখনও পর্যন্ত তাঁর প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে দেড়শোরও বেশি যুবক-যুবতী চাকরি পেয়েছেন বলে জানান তিনি।

    অনুপ কুমার মাহাতো বলেন, চিরজীবন দেশের সেবা করে এসেছি, এখনও সেবা করেই যাচ্ছি। বিশেষ করে পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকার গরিব ছাত্রছাত্রীরা যাতে প্রতিরক্ষা বাহিনীর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারে, সেই লক্ষ্যেই প্রশিক্ষণ দিয়ে সাহায্য করতে চাই। আগামী দিনেও সমাজের জন্য আরও বড়ো কিছু করার ইচ্ছা রয়েছে।
  • Link to this news (বর্তমান)