নিউমার্কেটের অগ্নিকাণ্ডে শিক্ষা, কলকাতায় ২৫ হোটেলকে শোকজ নোটিশ
আজ তক | ২৩ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিয়ে চলছে ধরপাকড়। পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না রাখার অভিযোগে মধ্য কলকাতার ২৫টি হোটেল ও রেস্তোরাঁকে শো-কজ নোটিশ ধরাল কর্তৃপক্ষ। এর আগে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য হোটেলগুলি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও শোনানো হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।
হোটেলগুলিকে শোকজ নোটিশে প্রশ্ন করা হয়েছে, আগত অতিথিদের নিরাপত্তা ও জীবনহানির ঝুঁকির কথা বিবেচনা করে কেন হোটেলগুলিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তার যথাযোগ্য কারণ দেখাতে। শো-কজ নোটিস জারি করে কলকাতা পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ডিভিশনাল ফায়ার অফিসারদের সামনে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য,এর আগে ২১ অগাস্ট শহরে মোট ১৬টি হোটেলকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আরও ২৫টি হোটেলে দেওয়া হল শো-কজ নোটিশ। আধিকারিকরা জানিয়েছেন, শুনানি এবং প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার বিষয়টি পর্যালোচনা করার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। এছাড়াও, প্রতিটি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতা পুরসভা প্রতিটি বরোর জন্য একটি করে পরিদর্শন দল গঠন করেছে।
প্রসঙ্গত, গত বুধবার নিউ মার্কেট এলাকার একটি পাঁচতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। ওই বিল্ডিংয়ে ছিল বেশ কয়েকটি ঘিঞ্জি হোটেল। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর রাজ্য সরকার সমস্ত জেলায় ভবনগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অডিট করার নির্দেশ দেয়।
শনিবারও মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নি-নিরাপত্তা বিধি মেনে না চললে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।