মির্জ়া গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ডায়মন্ড হারবার রোড এলাকায় বেহালার বাড়ি থেকে শনিবার গ্রেপ্তার হলেন শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্র। গত মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে ধর্মতলার মির্জ়া গালিব স্ট্রিটের ওই হোটেলে। দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে দু’জন ভারতীয়। সাতজন বাংলাদেশের নাগরিক। এই হোটেল নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠে প্রথম থেকেই।
হোটেলে সুরক্ষা সংক্রান্ত ন্যূনতম ব্যবস্থাও ছিল না বলে দাবি আবাসিকদের। অথচ পাঁচতলা বিল্ডিংয়ে প্রতি তলায় আলাদা আলাদা ৩-৪টে করে হোটেল! একটি মাত্র লোহার সিঁড়ি, একটি মাত্র লিফ্ট। সব থেকে বড় অভিযোগ, মির্জ়া গালিব স্ট্রিটের ওই বাড়ির তিনতলা ও পাঁচতলায় থাকা ওই হোটেলকে দু’ভাগে ভাগ করে দু’পক্ষকে বীরেশ্বর লিজ়ে দিয়েছিলেন।
প্রথমে জানা গিয়েছিল, যে হোটেলে আগুন লাগে, মালিক বীরেশ্বর। তার পরে জানা যায়, বীরেশ্বর ওই হোটেল লিজ়ে দিয়েছিলেন আবু জ়াফর নামে এক জনকে। আর সর্বশেষ যেটা জানা গিয়েছে, বীরেশ্বর মিত্র হোটেলের একটি ভাগ লিজ়ে দেন আবু জ়াফরকে, অন্য ভাগ লিজ়ে দেন উমেশ ও জিতেন্দ্র সিংকে। উমেশ ও জিতেন্দ্রকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আবু জ়াফরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এ বার গ্রেপ্তার হোটেল মালিক।