এই সময়: খাদের ধারে দাঁড়িয়ে বছর আঠেরোর একটি ছেলে। ‘আমি কিন্তু ঝাঁপ দেবো’ বলে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে সে। বাবা অনেক বুঝিয়েও ছেলেকে নিরস্ত করতে পারছেন না। স্থানীয়রাও বোঝানোর চেষ্টা করে বিফল। ছেলেকে বাঁচাতে গিয়ে আরও কয়েক পা এগোলেন প্রৌঢ়, আর তাতেই ঘটল বিপদ!
টাল সামলাতে না পেরে ছেলে ও বাবা দু’জনেই পড়লেন খাদে। তাঁদের বাঁচাতে ঝাঁপ দিলেন মা–ও! চোখের সামনে শেষ হয়ে গেল পুরো পরিবার। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পর্যটকের ফোনে ধরা রইল পুরো ঘটনার ভিডিয়ো!ঘটনাটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের খাভড়া হিল এলাকার। শুক্রবার সকাল ১০টা নাগাদ সেই পাহাড়ের মাথায় উঠে যায় দেবলাই এলাকার স্থানীয় ওই তরুণ। খাদের একেবারে ধারে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকে সে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে পাহাড়ের নীচে দাঁড়িয়ে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন বাবা–মা। জড়ো হয়ে যান স্থানীয়রাও। কিন্তু সকলে মিলে বুঝিয়েও ওই তরুণকে পাহাড় থেকে নামিয়ে আনতে পারেননি। ঘণ্টা তিনেক এ রকম চলার পরে পাহাড়ের উপরে ওঠেন বাবা–মা। সেখানে উপস্থিত পর্যটকদের ফোনে তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে, বাবা এগোতেই ছেলে খাদের আরও ধারে চলে যায়।
কথা বলতে বলতে এক সময়ে ছেলের হাত ধরে সরিয়ে আনার চেষ্টা করেন বাবা, কিন্তু তাতে ভারসাম্য হারিয়ে দু’জনেই পড়ে যান খাদে! পাশে দাঁড়িয়ে থাকা মা–ও ওই দৃশ্য দেখে ঝাঁপ দেন খাদে। ততক্ষণে খবর পেয়ে পুলিশও চলে এসেছিল, কিন্তু বাঁচানো গেল না কাউকেই!