উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি: টাস্ক ফোর্স গড়ল রাজ্য
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যে জাতীয় শিক্ষানীতি (এনইপি) রূপায়ণে শিক্ষা, শিল্প এবং প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করল উচ্চশিক্ষা দপ্তর। ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রকে এনইপি রিভিউ কমিটির চেয়ারম্যান এম জগদেশ কুমারকে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। এআইসিটিই-র প্রাক্তন চেয়ারম্যান তথা ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরামের চেয়ারম্যানঅনিল ডি সহস্রবুদ্ধেও শিক্ষাক্ষেত্রের সদস্যদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
অন্যান্য অ্যাকাডেমিক লিডারশিপ সদস্যদের মধ্যে রয়েছেন হরিয়ানা উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান তথা প্রাক্তন উপাচার্য কৈলাশচন্দ্র শর্মা, নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপাচার্য শশিকলা ওয়ানজুরি, নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীবকুমার সেন, আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল, ম্যাকাউটের উপাচার্য তাপসকুমার চক্রবর্তী এবং শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় সদস্য হিসাবে রয়েছেন।
শিল্পক্ষেত্র থেকে রয়েছেন সেঞ্চুরি প্লাইবোর্ডসের চেয়ারম্যান পদ্মশ্রী সজ্জন ভজনকা, সেনকো গোল্ডের অধিকর্তা শুভঙ্কর সেন, বণিকসভা বিসিসিআইয়ের আইটি কমিটির চেয়ারম্যান এবং শিক্ষা কমিটির সদস্য তথা উইদারটেকের সিইও চিরঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও প্রশাসনিক ব্যক্তি হিসাবে শিক্ষাসচিব বিনোদকুমার, কারিগরি শিক্ষাদপ্তরের সচিব রাজীব কুমার এবং অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিকদের রাখা হয়েছে। শিক্ষানীতি মেনে সিলেবাস পরিবর্তন, শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের সংযুক্তিকরণ, ক্রেডিট স্ট্যান্ডার্ডাইজেশন প্রভৃতি দায়িত্ব থাকবে এই কমিটির।