মহেশতলায় পরপর দু’দিন অটো বন্ধ রেখে প্রতিবাদ, ভোগান্তি যাত্রীদের
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
সংবাদদাতা, বজবজ: অবৈধ অটোর বাড়বাড়ন্তের প্রতিবাদে অটো বন্ধ রাখলেন বৈধ চালকরা। বৃহস্পতিবারের পর শুক্রবারও অটো বন্ধ রইল মহেশতলায়। মহেশতলার মোল্লার গেট থেকে বজবজের অছিপুর, মোল্লারগেট থেকে কস্তুরী হাসপাতাল রুটে অটো বন্ধ রয়েছে। অসন্তোষের কারণ, সংশ্লিষ্ট দু’টি রুটে বৈধ প্রায় সাতশো থেকে আটশো অটো মালিকের রোজগার কমে গিয়েছে। কারণ, অবৈধ অটো ঢুকে বৈধ গাড়ির যাত্রীদের তুলে
নিয়ে যাচ্ছে।
এই সব বেআইনি অটো বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শো বৈধ অটো মালিক গাড়ি নিয়ে বাটা মোড়ে অবস্থান করেন। অবৈধ গাড়ি বন্ধ করার ব্যাপারে নিশ্চিত আশ্বাস না দিলে অবস্থান চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন অটো মালিকরা। ঘটনার জেরে মোল্লার গেট থেকে বজবজের অছিপুর এবং কস্তুরী হাসপাতাল পর্যন্ত যাতায়াতকারী যাত্রীদের কার্যত সারাদিনই অসুবিধার ভিতর পড়তে হয়। এমনিতে এই রুটে বিকল্প গাড়ি বলতে অটো। স্বাভাবিকভাবে নানাভাবে হয়রানি হতে হয়েছে নিত্যযাত্রীদের। একই অবস্থা চলে শুক্রবারও।
প্রতিবাদকারী অটো মালিক পার্থ দে বলেন, অবৈধ অটো নিয়ে ২০২২ সাল থেকে এই রুটে সমস্যা চলছে। ২০২৩ এবং ২০২৪ সালে পরপর দু’বার এই ইস্যুতে অটো বন্ধ করে অবস্থান করা হয়েছিল। সেই সময় পুলিশ ও প্রশাসন উভয় পক্ষ আশ্বাস দিয়েছিল, বিষয়টির সমাধান করা হবে। কিন্তু কিছুই হয়নি। এদিকে, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছেন, অবৈধ অটো কোথাও চলতে দেওয়া হবে না। কিন্তু মন্ত্রীর ওই ঘোষণার পরও বাস্তবায়ন হয়নি। স্বাভাবিকভাবে এর বিহিত না হওয়া পর্যন্ত অটো বন্ধ রাখার কথা জানিয়েছেন মালিকরা। যদিও রাত পর্যন্ত এ নিয়ে মহেশতলা ও বজবজ থানার পুলিশ আলোচনা করলেও জট কাটেনি।