শ্রীরামপুরে পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুন, গ্রেপ্তার ভাই
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল ভাই। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর থানার বড়বেলুতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম যোগেশ্বর বাগ (৬৬)। তিনি বড়বেলুর বাগপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত ব্যক্তি এলপিজি গ্যাস ডেলিভারির কাজ করতেন। ওই ঘটনায় অভিযুক্ত ভাই তপন বাগকে পুলিশ গ্রেপ্তার করেছে। তপনের দাবি, সে নিজেই থানায় আত্মসমর্পণ করে। তবে খুনের কার্যকারণ নিয়ে সে মুখ খোলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগ পরিবারের পারিরারিক অশান্তি বহু পুরানো। মূলত তপনকে নিয়েই পরিবারের সদস্যরা আতঙ্কে থাকতেন। পরিবারের এক সদস্য বলেন, বাড়ি থেকে এক-এক করে বহু জিনিস সে নিয়ে গিয়েছে। কিন্তু তারপরেই তার আশা মেটেনি। ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতে শান্ত স্বভাবের যোগেশ্বরের সঙ্গে তপনের বিবাদ হয়েছিল। রাতে তপন মদ্যপ অবস্থায় দাদার কাছে এসে জমি-সম্পত্তি নিয়ে বিবাদ শুরু করে। এক প্রত্যক্ষদর্শী বলেন, এদিন গ্যাসের গাড়ি নিয়ে ফিরছিলেন যোগেশ্বর। সেই সময় তাঁর সামনে দাঁড়ায় তপন। এরপর হাতে থাকা লোহার রড দিয়ে দাদার মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই যোগেশ্বরের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এনিয়ে স্থানীয় ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে যোগেশ্বরের পরিবার। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।