• বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নামলেন বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীরা
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বকেয়া বেতনের দাবিতে শুক্রবার ফের আন্দোলনে নামলেন বিষ্ণুপুর পুরসভার সাফাই কর্মীরা। প্রায় দু’মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে এদিন সকালে তাঁরা কাজ বন্ধ রেখে পুরসভার সামনে অবস্থানে বসেন। দাবির পক্ষে স্লোগান দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়মিত বেতন দেওয়া, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এক সপ্তাহ আগেই তাঁরা কর্মবিরতি শুরু করেছিলেন। পরে আধিকারিকদের সঙ্গে বৈঠকে আশ্বাস পেয়ে আন্দোলন উঠেছিল। কিন্তু, আশ্বাস মতো দাবি পূরণ না হওয়ায় শুক্রবার ফের তাঁরা আন্দোলনে নামেন। এব্যাপারে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে। আন্দোলনকারীদের মধ্যে দিলবার খান বলেন, শ্রম আইন মেনে মজুরি দেওয়া হচ্ছে না। অনেক কম মজুরিতে কাজ করানো হচ্ছে। সেই বেতনও নিয়মিত দেওয়া হচ্ছে না।  বহু বছর ধরে কাজ করলেও কর্মীদের স্থায়ীকরণ করা হচ্ছে না। তাছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ইএসআই চালু করা হয়নি। তাছাড়া প্রায় দু’মাসের বেতনও বকেয়া রয়েছে। এই অবস্থায় আমাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে। পুরসভা কর্তৃপক্ষকে বহুবার বলেও কোনো লাভ হয়নি। তাই যতদিন না আমাদের বকেয়া মেটানো হবে ততদিন আমরা কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
  • Link to this news (বর্তমান)