মুর্শিদাবাদে মধুচক্রের আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৩
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জংশন স্টেশন লাগোয়া একটি হোটেলে মধুচক্রের আসরে অভিযান চালাল পুলিশ। সেখান থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। ওই হোটেলের ম্যানেজার এবং দুই খদ্দের গ্রেপ্তার হয়েছে। মুর্শিদাবাদ থানার আইসি অনিরুদ্ধ বাগ বলেন, আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম, ওই হোটেলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের নিয়ে এসে দেহব্যবসা চালানো হচ্ছে। তারপর থেকেই হোটেলের উপর নজরদারি চালানো শুরু হয়। দেহব্যবসার বিষয়টি নিশ্চিত হতেই বৃহস্পতিবার রাতে স্টেশন রোডের ওই হোটেলে অভিযান চালানো হয়। হোটেল ম্যানেজার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মালিকের নির্দেশে বেশ কয়েকমাস ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের নিয়ে এসে দেহব্যবসা চালানো হত। কয়েকবছরের মধ্যে মুর্শিদাবাদ শহরে ব্যাঙের ছাতার মতো একাধিক হোটেল ও লজ গজিয়ে উঠেছে। অনেক হোটেল বেআইনিভাবে গড়া হয়েছে বলেও অভিযোগ। বহু হোটেলে নিয়মিত মধুচক্রের আসর বসে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সেইসঙ্গে পরিবার নিয়ে মুর্শিদাবাদে বেড়াতে আসা পর্যটকরা বিড়ম্বনায় পড়ছেন। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচার ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, কিছু অসাধু হোটেল মালিকের জন্য সমস্ত পর্যটন ব্যবসায়ীদের মুখ পুড়ছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সাবেক নবাবি মুলুক সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে পর্যটকরা বাড়ি ফিরছেন। সামনেই পুজোর মরশুম। আশা করছি, তার আগে হোটেলে মধুচক্রের আসর বসা বন্ধে পুলিশ এমনই কড়া পদক্ষেপ জারি রাখবে।