পড়ুয়া ও অভিভাবকদের তীব্র ক্ষোভ নিয়ে নাজেহাল এনটিএ, প্রতি প্রশ্ন চ্যালেঞ্জের খরচ ২০০ টাকা!
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট-ইউজির পর ইউজিসি-নেট পরীক্ষা নিয়েও বিতর্ক তুঙ্গে। প্রশ্নপত্রে গোলযোগের কারণে আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ফের ইউজিসি-নেটের ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এক্ষেত্রে অবশ্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো বাড়তি টাকা নেওয়া হবে না। একইসঙ্গে এনটিএ জানিয়েছে, ইউজিসি-নেটের বাকি ৮৪টি বিষয়ের ফলাফল নির্ধারিত সূচি মেনেই প্রকাশিত হবে। ইতিমধ্যে সেই ৮৪টি বিষয়ের ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, চাইলেই উত্তর ‘চ্যালেঞ্জ’ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে প্রতি প্রশ্ন পিছু ২০০ টাকা জমা দিতে হবে। আর এই ইস্যুতেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। পরীক্ষার্থী এবং অভিভাবকদের বড়ো অংশের অভিযোগ, একটি প্রশ্নের জন্য ২০০ টাকা ‘চার্জ’ নিয়ে আদতে নিজেদের কোষাগার ভরার লক্ষ্যমাত্রা নিয়েছে এনটিএ। নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা শুধুমাত্র ‘চার্জে’র কথা মাথায় রেখেই পিছিয়ে আসবে।
এসংক্রান্ত বিতর্ক চরমে ওঠায় বিবৃতি জারি করে সাফাই দিয়েছে এনটিএ। বলা হয়েছে, প্রশ্নপিছু ওই ২০০ টাকা ফেরতযোগ্য। অনেকেই বিনা কারণে প্রশ্ন চ্যালেঞ্জ করেন। কোনো সারবত্তা থাকে না। এই প্রবণতা বন্ধ করার জন্যই এমন পদক্ষেপ। কেউ যদি চ্যালেঞ্জ করেন এবং তা যদি গৃহীত হয়, তাহলে নিয়মমতো সেই টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ‘রিফান্ড’ করে দেওয়া হবে।
পালটা পরীক্ষার্থী এবং অভিভাবকদের বড়ো অংশের প্রশ্ন, কেউ বিনা কারণে কেন চ্যালেঞ্জ করবেন? কোনো পরীক্ষার্থীর মনে নির্দিষ্ট প্রশ্ন বা তার উত্তর নিয়ে সংশয় তৈরি হতেই পারে। সেটা যদি গৃহীত না হয়, তাহলেই প্রমাণিত হয় কি যে, ওই পরীক্ষার্থী বিনা কারণে চ্যালেঞ্জ করেছেন? প্রশ্ন উঠছে। জবাব হাতড়াচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।