তেলেঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রীর মার্কিন সফরে ‘বাধা’ মোদি সরকারের! ফিরে আসছেন রেবন্ত
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
হায়দরাবাদ: বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে মউ স্বাক্ষরই ছিল লক্ষ্য। সেই কারণে ১০ দিনের বিদেশ সফরে গিয়েছিলেন তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ব্রিটেন সফর শেষ করে তাঁর যাওয়ার কথা ছিল আমেরিকায়। যদিও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে মিলল না অনুমতি! ফলে প্রস্তাবিত বস্টন সফর বাতিল করতে বাধ্য হলেন রেবন্ত। কেন্দ্রের ছাড়পত্র না মেলায় মাঝপথেই সফর কাটছাঁট করে তাঁকে লন্ডন থেকে হায়দরাবাদে ফিরে আসতে হচ্ছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তরের অভিযোগ, আমেরিকা সফরের অনুমতি মেলেনি রাজনৈতিক কারণেই। এই ইস্যুতে বিতর্ক তৈরি হওয়ায় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, নির্ধারিত নিয়মকানুন মেনে চলেননি বলে রেবন্ত রেড্ডির পরিকল্পিত আমেরিকা সফরের ছাড়পত্র প্রত্যাখ্যান করা হয়েছে।
বর্তমানে লন্ডনে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেখান থেকে আমেরিকা ঘুরে আগামী ৩০ আগস্ট তাঁর হায়দরাবাদ ফেরার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ২৩ আগস্টই তাঁকে ফিরে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছেন রেড্ডি। এই কংগ্রেস নেতার তোপ, ‘যুব সমাজের ভবিষ্যৎ, রাজ্য ও দেশের উন্নয়নকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। আমি সর্বদাই বিশ্বাস করি, দেশ গঠন ও যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের প্রত্যেকেরই রাজনীতি ও নির্বাচনের বাইরে বেরিয়ে ভাবা উচিত।’ তেলেঙ্গানার আধিকারিকরা জানাচ্ছেন, রাজ্য সরকারের তরফে গত ১৬ আগস্ট এব্যাপারে বিদেশ সফরের ছাড়পত্র চাওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের প্রতিনিধি দল ব্রিটেনে পৌঁছানোর পর জানানো হয়েছে, আমেরিকা সফরের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে নিজে মাঝপথে ফিরে এলেও মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, অফিসাররা যেন আমেরিকা সফরে গিয়ে হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি ও ভার্জিনিয়া টেকের মতো শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে মউ সম্পন্ন করে তবে দেশে ফেরেন।