হাওড়ার দাশনগরে ঘরের মধ্যেই এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। মৃত বৃদ্ধের নাম প্রবীর দেওয়াশী (৭০)। বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ।
ওই বৃদ্ধ থাকেন দাসনগরের কাশীপুর এলাকায়। টানা বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন। ঘরের মধ্যেও জল জমে রয়েছে বলে অভিযোগ। রাত দুটো নাগাদ তিনি যখন বাথরুমে যাচ্ছিলেন, সেই সময়ে জমা জলে পড়ে যান। বেশ কিছুক্ষণ জলে পড়ে থাকার পরে তাঁর মৃত্যু হয়। এ দিন সকালে দাসনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কয়েকদিন টানা বর্ষণের ফলে দাসনগরের কাশীপুর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তা এবং গৃহস্থের ঘরের মধ্যে জল ঢুকে পড়ে। গত দু’দিন বৃষ্টি না হলেও ঘরের মধ্যে থাকা জমা জল পুরোপুরি বের হয়নি। গোড়ালি বা তার বেশি সমান জল দাঁড়িয়ে আছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জমা জলে পা পিছলে পড়ে গিয়ে মারা যান বৃদ্ধ। পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। সে কারণেও পড়ে যেতে পারেন। গোটা ঘটনার তদন্ত করছে দাসনগর থানার পুলিশ।