• অন্নপূর্ণা নিয়ে শুক্রবারও বিক্ষোভ অব্যাহত, অগ্নিমিত্রার সামনেই ক্ষোভ উগরে দিলেন মহিলারা, কী আশ্বাস মন্ত্রীর?
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে শুক্রবারও জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ অব্যাহত। এ দিন বিরাটিতে রেল অবরোধও করেন মহিলারা। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক ভবনে একটি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেও হাজির হন বিক্ষোভকারী মহিলারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

    ১৭ অগস্ট থেকে এই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে জমা দিতে শুরু করেছে রাজ্য সরকার। ২০ অগস্টের মধ্যেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা জানানো হয়েছিল। এর পরেও বহু আবেদনকারী অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাননি বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় মহিলারা বিক্ষোভে সামিল হন। এ দিন পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক ভবনে মহিলারা হাজির হতেই মিটিং থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা।

    অগ্নিমিত্রা বিক্ষোভকারীদের জানান, এসডিও অফিসে গিয়ে নাম, ফোন নম্বর, এনরোলমেন্ট নম্বর জমা দেওয়ার জন্য। কথাবার্তার মাঝেই মহিলারা একের পর এক অভিযোগ জানাতে থাকেন। মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য একাধিক অফিস ঘুরতে হচ্ছে। পুরসভায় গেলে এসডিও অফিসে যেতে বলা হচ্ছে। এসডিও অফিসে গেলে পুরসভায় যেতে বলা হচ্ছে। পাল্টা মন্ত্রী বলেন, ‘আপনারা এসডিও বা বিডিও অফিসে গিয়ে নথি জমা দিয়ে অভিযোগ করুন। আপনারা এসেছেন বলেই আমি মিটিং ছেড়ে চলে এসেছি। আপনাদের সমস্যার সমাধানের জন্যেই এসেছি।’ আলোচনার মাঝেই জেলাশাসক বীজিন কৃষ্ণাকে একজন নোডাল অফিসার দিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজে নিযুক্ত করার জন্য নির্দেশ দেন মন্ত্রী।

    অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এ দিন ৭১৭ নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখান মহিলারা৷ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে চালসাগামী জাতীয় সড়কের মাঝে একাধিক জায়গাতে চলে বিক্ষোভ। মৌলানি ও লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভে বসেন কয়েকশো মহিলা। প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ জাতীয় সড়কে যান চলাচল৷ ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ক্রান্তি ফাঁড়ির পুলিশ।

    অঙ্গনওয়াড়ি কর্মীরা সঠিক সার্ভে করেনি। যার কারণেই মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। এমন অভিযোগ তুলে শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েতের ময়ামারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কর্মী কারও বাড়িতে গিয়েই সার্ভে করেননি। সেই কারণে সকলের আবেদন বাতিল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।

    এ দিন হুগলিতে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তারকেশ্বর পুরসভার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান পুর এলাকার মহিলারা। পরিস্থিতি সামাল দিতে পুরসভায় যায় তারকেশ্বর থানার পুলিশ। প্রায় এক ঘণ্টার উপর চলে বিক্ষোভ। পুর প্রতিনিধি এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভ থামান মহিলারা।

    পূর্ব মেদিনীপুর জেলার ব্লকে ব্লকে বিক্ষোভের পাশাপাশি জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। বিক্ষোভ তুলতে নাজেহাল পুলিশ প্রশাসন।

    শুক্রবার বাগনান ২ নম্বর ব্লকের সামনে একই দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা। রাস্তা অবরোধ করা হয়। মহিলাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে আবেদন পূরণ করার পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকী বর্তমানে তাঁদের আবেদনের স্ট্যাটাস কী অবস্থায় আছে, সেটাও তাঁরা স্পষ্ট ভাবে জানতে পারছেন না।

  • Link to this news (এই সময়)