• ২ মাস আগে ফর্ম ভরেও মিলছে না ‘অন্নপূর্ণা’, সরাসরি অগ্নিমিত্রার কাছে নালিশ মহিলাদের
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৬
  • মাসদুয়েক আগে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্মপূরণ করেছেন। তা সত্ত্বেও অ্যাকাউন্টে ঢোকেনি একটি পয়সা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কাছে নালিশ জানালেন স্থানীয় মহিলারা। সকলের কথা শুনে সমস্যা সমাধানের উপায় বাতলেও দেন মন্ত্রী।

    গত ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে বহু মহিলার দাবি, তাঁরা এখনও অ্যাকাউন্টে টাকা পাননি। স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত সকলে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মহিলা প্রতিবাদও জানান। বেহালা চৌরাস্তায় মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন। বিরাটিতে রেল অবরোধ হয়। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, বজবজ, নদিয়ার কল্যাণী, পশ্চিম মেদিনীপুরের সবং, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা। এছাড়া পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। সেই সময় সেখানে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। মন্ত্রী বিক্ষোভকারীদের ‘এনরোলমেন্ট নম্বর’ আধিকারিকের কাছে জমা দিতে বলেন। অগ্নিমিত্রা পালের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

    এর আগে বুধবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেখানেই মন্ত্রীদের অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচার চালানো নিয়ে বিস্তারিত জানানো হয়। বিশেষ করে যাঁরা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছেন তাঁদের দিয়ে প্রচার চালানোর বিষয়টি উঠে আসে বলে জানা গিয়েছে ওই বৈঠকে। এদিকে, বুধবার থেকেই খুলে গিয়েছে যোজনার পোর্টালটি। অনলাইনে দেখা নেওয়া যাচ্ছে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে আগেও দাবি করেছে প্রশাসন। সেদিকে কড়া নজর রেখেছে সরকার।
  • Link to this news (প্রতিদিন)