যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে এ বার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপি-র সংঘর্ষে উত্তাল হলো মেদিনীপুর কলেজ। এসএফআই-এর মিছিলে হামলার অভিযোগ উঠেছে এবিভিপি-র বিরুদ্ধে। আরও অভিযোগ, কিছু বহিরাগতকে নিয়ে এসে হামলা চালিয়েছে তারা। এই ঘটনায় দু’পক্ষের সদস্যেরাই আহত হয়েছেন বলে খবর। কারও কারও রক্তও ঝরেছে বলে অভিযোগ।
বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে এবিভিপি-র বিরুদ্ধে। তারই প্রতিবাদে শুক্রবার দুপুর মেদিনীপুর কলেজে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। অভিযোগ, সেই সময়েই কিছু লোক এবিভিপি-র ঝান্ডা হাতে কলেজে ঢুকে এসএফআই-এর সদস্যদের উপরে হামলা চালান। তাঁদের বেধড়ক মারধর করা হয়।
এসএফআই-এর অভিযোগ, কলেজের ভিতরে শান্তিপূর্ণ মিছিলের বহিরাগত কিছু দুষ্কৃতী এসে তাদের উপরে হামলা চালায়। এবিভিপি-র পাল্টা অভিযোগ, মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠছিল। তাতে কলেজের পঠনপাঠন বিঘ্নিত হচ্ছিল। তারই প্রতিবাদ করতে যাওয়ায় এসএফআই আক্রমণ করে। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে চাননি কিছু। ঘটনার খবর পেয়ে কলেজ গেটে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।