• মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা ! বিডিও'র সাক্ষাৎ না-পেয়ে জাতীয় সড়ক অবরোধ মহিলাদের
    eTV Bharat | ২১ আগস্ট ২০২৬
  • মালদা, 21 অগস্ট: অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ার অভিযোগে 31 নম্বর জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বঞ্চিত মহিলারা ৷ প্রকল্পের টাকা না-পাওয়া মহিলাদের একাংশ শুক্রবার মালদার চাঁচল ব্লকের বিডিও-র সঙ্গে দেখা করতে যান ৷ কিন্তু, বিডিও-র সঙ্গে দেখা না-হওয়ায় রাস্তায় নেমে পড়েন তাঁরা ৷ চাঁচলে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের সংযোগস্থল নেতাজি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা ৷ প্রায় এক ঘণ্টার উপর ধরে চলা অবরোধে যানজট তৈরি হয় ৷ সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীরা ৷ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷

    রাজ্যজুড়ে 17 অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ৷ জেলার অধিকাংশ মহিলা প্রকল্পের টাকা পেলেও, চাঁচলের বেশ কিছু উপভোক্তা এখনও টাকা পাননি বলে অভিযোগ উঠেছে ৷ কিন্তু, কেন টাকা ঢোকেনি সেই বিষয়ে জানতে একাধিকবার বিডিও দফতরে গিয়েছেন তাঁরা ৷ অভিযোগ, প্রতিবারই কোনও না-কোনও কারণ দেখিয়ে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে দিনে দিনে ক্ষোভ বাড়ছিল অন্নপূর্ণ যোজনার টাকা না-পাওয়া মহিলাদের মধ্যে ৷

    তবে, শেষদিনেও টাকা না-ঢোকায়, এদিন বিষয়টি নিয়ে বিডিও দফতরে যান কয়েকজন মহিলা ৷ তাঁদের দাবি, সমস্যার কথা জানাতে বিডিও-র সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ কিন্তু, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বিডিও-র দেখা না-পাওয়ায় ক্ষোভ চরমে ওঠে ৷ এরপরই দফতর থেকে বেরিয়ে নেতাজি মোড়ে 31 নম্বর জাতীয় সড়ক ও রাজ্য সড়কের সংযোগস্থলে মানববন্ধন করে অবরোধ করেন মহিলারা ৷

    অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়া রুনা খাতুন বলেন, "অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছি এবং নাম উপভোক্তার তালিকাতেও রয়েছে ৷ তারপরেও কেন টাকা দেওয়া হচ্ছে না আমাদের ৷ প্রশাসনের তরফে স্পষ্ট করে কিছু বলছে না ৷ আমাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকাতে হবে ৷"

    সাবেরা বিবি বলেন, "একাধিকবার আবেদন করেছি ৷ কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি ৷ আমরা কেন টাকা পাব না ? আমদের অবিলম্বে টাকা দিক, নাহলে আগামীতে আরও বড় ধরনের বিক্ষোভ ও আন্দোলনে নামাব ৷" যদিও চাঁচলের বিডিও দফতরের এক আধিকারিক বলেন, "কিছু কিছু অ্যাকাউন্টে টাকা এই মাসে ঢোকেনি ৷ আমারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷"

    অন্যদিকে, রাস্তা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় ৷ রাস্তার দু’পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায় ৷ সমস্যায় পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ, স্কুল-কলেজ পড়ুয়া, অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে পথচলতি লোকজন ৷ পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান ৷ দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারী মহিলারা ৷
  • Link to this news (eTV Bharat)